'রাজনীতিমুক্ত' বিশ্ববিদ্যালয় সেশনজটের কবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজনীতিমুক্ত’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ হাজার ৪৩৮ জন শিক্ষার্থী সেশনজটের কবলে পড়তে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী মো. খালিদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ অবস্থায় গত ২৮ দিনে ১৯টি বিভাগের পূর্বঘোষিত ৪২টি চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা হয়নি।
এর আগেও বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে সেশনজট ছিল। সেই জট এখন সব বিভাগে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আইনুল হক বলেন, নানা কারণে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে সেশনজট আগেও ছিল। এখন সেশনজট আরও দীর্ঘায়িত হচ্ছে। ৩০ আগস্ট সিন্ডিকেটের বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতি ও বিশ্ববিদ্যালয় কবে খোলা হবে, তা নিয়ে আলোচনা হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল্লাহ আল মামুনের সঙ্গে কথা বলে জানা গেল, চলতি মাসে ৪২টি চূড়ান্ত পরীক্ষার সময়সূচি নির্ধারিত ছিল। কিন্তু পরীক্ষাগুলো না হওয়ায় বিশ্ববিদ্যালয় খোলার পর নতুন করে সময়সূচি নির্ধারণ করতে হবে। তখন আরও সময় ব্যয় হবে।
নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচজন ছাত্রী বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় আমরা একটি অঙ্গীকারনামায় সই করেছিলাম। এতে এ বিশ্ববিদ্যালয়কে রাজনীতিমুক্ত ও ধূমপানমুক্ত বলা হয়েছে। কিন্তু সাড়ে সাত বছর ধরে ওই অঙ্গীকারনামা ভঙ্গ করা হচ্ছে। ছাত্রদের পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তারা রাজনীতিতে জড়িয়ে পড়েছেন। তাঁদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বিশ্ববিদ্যালয় বারবার অস্থির হয়। পরীক্ষা ও ক্লাস বন্ধ করে দেওয়া হয়। এতে করে সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খারাপ হচ্ছে।
বাংলা বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘রাজনীতির কারণেই বারবার এ বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়েছে। এতে করে বাড়ছে সেশনজট। ছাত্র রাজনীতির নামে টেন্ডার নিয়ন্ত্রণ ও কোটেশনের মাধ্যমে কাজ ভাগিয়ে নেওয়াই যেন কয়েকজনের মুখ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অঙ্গীকারনামা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।’ হত্যাকাণ্ডের জন্য গঠিত কমিটির প্রধান কুন্ডু গোপীদাস বলেন, তদন্ত কমিটি দ্রুতগতিতে কাজ চালিয়ে যাচ্ছে। শিগগির প্রতিবেদন দেওয়া হবে। এরপর তিনি সিন্ডিকেট ডেকে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।