বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, চলতি বছরের শুরুতে ‘রাজনৈতিক অনাচার’ না হলে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ হতো।
গতকাল শনিবার মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাউন্ডেশন আয়োজিত ‘জয়ী মুন্সিগঞ্জ, জয়ী বাংলাদেশ’ শীর্ষক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর এসব কথা বলেন।
আতিউর রহমানের মতে, রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে বাংলাদেশের অগ্রগতি কেউ থামাতে পারবে না। অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪০ সালের মধ্যে উন্নত দেশ হবে বাংলাদেশ।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসক ও জেলা প্রশাসক ফাউন্ডেশনের সভাপতি মো. সাইফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ মৃণাল কান্তি দাস, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানে মুন্সিগঞ্জ তথা জাতীয় পর্যায়ে অবদানের জন্য তিনটি শ্রেণিতে জেলার ১৩ জন কৃতী সন্তানকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন বিচারপতি এ এফ এম আবদুর রহমান, শেখ মোহাম্মদ আজহার হোসেন ও রানা শফিউল্লাহ, জিপিএইচ (ইস্পাত) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, ব্যবসায়ী আবু সাঈদ ও আলমাছ খান, অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জি, নুরুল ইসলাম, প্রকৌশলী আবদুল জলিল, আকরাম আলী মৃধা, আইনজীবী হারুন অর রশীদ ও আরশেদ উদ্দিন চৌধুরী।