'রাজনৈতিক কারণে শিক্ষার মানসম্মত বিকাশ ঘটছে না'
রাজনৈতিক কারণেই শিক্ষার মানসম্মত বিকাশ ঘটছে না। মানিকগঞ্জের সাটুরিয়ার কৈট্টায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে সোমবার রাতে এক অনুষ্ঠানে কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ এ কথা বলেন।
শিক্ষার মানোন্নয়ন নিয়ে ওই আলোচনায় আবুল মকসুদ বলেন, বেশি পাস করানোর উপযোগিতা একটাই, তা রাজনৈতিক। বেশি পাসের আনন্দ সরকার জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। শিক্ষার্থীরা কী পড়াশোনা করল এবং কী পরীক্ষা দিল, সেটা বড় কথা নয়, পাস করিয়ে দেওয়াটাই প্রধান। রাজনৈতিক কারণেই শিক্ষার মানসম্মত বিকাশ ঘটছে না।
স্টেট ইউনিভার্সিটির আয়োজনে ‘সম্ভাবনার দুয়ার খুলে দাও, পরিবর্তনকে স্বাগত জানাও’ প্রতিপাদ্য নিয়ে কৈট্টায় রোববার থেকে শুরু হয় চার দিনব্যাপী ওই অনুষ্ঠান। দ্বিতীয় দিনে প্রধান অতিথি আবুল মকসুদ বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো মেধাবী ছাত্রছাত্রীদের চাহিদা পূরণ করতে পারছে না। সে ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বড় ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে স্টেট ইউনিভার্সিটির উপদেষ্টা অধ্যাপক এস এম এ ফয়েজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি এ এম শামীম, পানি বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির ও স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইফতেখার গনি চৌধুরী। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষক উপস্থিত ছিলেন। জাদুশিল্পী জুয়েল আইচ অনুষ্ঠানে জাদু প্রদর্শন করেন।