'রাজনৈতিক চাপে' পুনঃদরপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় বিএডিসির বীজ পরিবহনের জন্য ঠিকাদার নির্বাচন করতে পারেনি দরপত্র মূল্যায়ন কমিটি। গত সোমবার কমিটির পক্ষ থেকে পুনঃ দরপত্রের সুপারিশ করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের এক নেতাকে কাজ দিতে চাপের মুখে পুনঃ দরপত্র আহ্বানের সুপারিশ করা হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলে ১৪ হাজার মেট্রিক টন ধান ও অন্যান্য বীজ পরিবহনের জন্য চুয়াডাঙ্গার বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের (বীপ্র) যুগ্ম পরিচালকের দপ্তর থেকে এই দরপত্র আহ্বান করা হয়েছিল।

 মূল্যায়ন কমিটির সূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অঙ্গপ্রতিষ্ঠান চুয়াডাঙ্গার বীপ্রর যুগ্ম পরিচালকের দপ্তর ২০১৭-১৮ অর্থবছরে বীজ পরিবহনের জন্য এই দরপত্র আহ্বান করে। ৯ আগস্ট ঢাকা থেকে প্রকাশিত একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সোমবার দুপুর ১২টার মধ্যে দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। এ সময়ের মধ্যে মাত্র দুটি দরপত্র জমা পড়ে। এর একটি ছিল কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীর ও অপরটি চুয়াডাঙ্গার এসএল এন্টারপ্রাইজের অংশীদার এনামুল হকের। একই দিন বেলা তিনটায় বীপ্রর যুগ্ম পরিচালকের দপ্তরে দরপত্র খোলা হয়। এরপর মূল্যায়ন কমিটির সামনে তা উপস্থাপন করা হয়। আজগর আলী ২ কোটি ৪৫ লাখ ৭২ হাজার এবং এনামুল হক ২ কোটি ৮৭ লাখ ৫৫ হাজার ৬৫০ টাকা দর দেন।

দরপত্র খোলার পর ছয় সদস্যের কমিটির বৈঠক হয়। বিএডিসির দত্তনগর খামারের যুগ্ম পরিচালক আবদুস সামাদ এই কমিটির সভাপতি। তবে সোমবার তাঁর অনুপস্থিতিতে গোকুলনগর খামারের উপপরিচালক তপন কুমার সভায় সভাপতিত্ব করেন। সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল কুমার পাল, বিএডিসি চুয়াডাঙ্গার আঞ্চলিক হিসাব নিয়ন্ত্রক নুরুল আমিন মিঞা, চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চিফ ইনস্ট্রাক্টর (অটো) আজিজুল হক, বিএডিসি নূরনগর খামারের সিনিয়র সহকারী পরিচালক মাহবুব আলম ও বীপ্রর সহকারী পরিচালক নাজমুল হাসান। তাঁরা ঠিকাদারদের দাখিল করা কাগজপত্র পর্যালোচনা করে দেখেন। দরপত্রের ৮ নম্বর শর্তানুযায়ী দরদাতাকে সরকারি/আধা সরকারি প্রতিষ্ঠানে পরিবহন কাজের অভিজ্ঞতার সনদ ও হালনাগাদ কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), টার্নওভার ও ভ্যাট রেজিস্ট্রেশন দাখিল করতে হবে। আজগর আলী বেসরকারি প্রতিষ্ঠানে পরিবহনের বিল ও ২০১৫-১৬ অর্থবছরের কর-সংক্রান্ত কাগজপত্র দাখিল করেন। অপরদিকে এনামুল হকের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ ছিল। কিন্তু তিনি ৪১ লাখ ৮৩ হাজার ৬৫০ টাকা বেশি দর হাঁকেন।

 নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, সোমবার বিকেল থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে মূল্যায়ন কমিটি এনামুল হককেই কার্যাদেশ দেওয়ার সুপারিশ করছে। এতে সর্বনিম্ন দরদাতার পক্ষে স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ ক্ষুব্ধ হয়ে পড়ে এবং আজগর আলীকেই কার্যাদেশ দিতে চাপ সৃষ্টি করে। এই পরিস্থিতে মূল্যায়ন কমিটি পুনঃ দরপত্রের সুপারিশ করতে বাধ্য হয়।

গতকাল মঙ্গলবার জানতে চাইলে এনামুল হক বলেন, পুনঃ দরপত্রের সুপারিশের কারণে অন্তত বিশৃঙ্খলা এড়ানো গেছে। ঠিকাদার আজগর আলীর পক্ষে রিপনুল হাসান বলেন, নিয়মের মধ্যে দরপত্র সম্পন্ন হলে আপত্তি নেই।

 বীপ্রর যুগ্ম পরিচালক আবদুল মালেক বলেন, কারও চাপে নয়, সর্বনিম্ন দরদাতার অসম্পূর্ণ কাগজপত্র ও দ্বিতীয় দরদাতার দর বেশি হওয়ায় কমিটি এই সুপারিশ করেছে।