'রাজনৈতিক টানাপোড়েনে জেলা করা হয়নি পটিয়াকে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব মহকুমাকে জেলা ঘোষণা করা হলেও রাজনৈতিক টানাপোড়েনে সাবেক পটিয়া মহকুমাকে জেলা করা হয়নি। জেলা হওয়ার অপেক্ষায় থাকতে থাকতে এখানে অনেক ক্ষেত্রে উপজেলার অবকাঠামোও গড়ে ওঠেনি। এর ফলে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন পটিয়াবাসী।
চট্টগ্রামের পটিয়া উপজেলায় প্রথম আলোর উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ‘পটিয়া: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।
গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, উপজেলার ২২টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে চলছে ত্রিমুখী শাসন। ইউনিয়নগুলো পটিয়া উপজেলার অন্তর্ভুক্ত হলেও সংসদীয় এলাকা হচ্ছে আনোয়ারা-পশ্চিম পটিয়া আসনে। অন্যদিকে এসব ইউনিয়ন কর্ণফুলী থানার অন্তর্ভুক্ত। ফলে উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নগুলো।
বৈঠকে উপজেলা চেয়ারম্যান মোজাফফর আহমেদ বলেন, ‘উপজেলা অনেকটা দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত এবং রাজনীতিতে সম্প্রীতি ও সহাবস্থান রয়েছে। তবে এখনো মাদকমুক্ত নয়। এটি করা আমাদের পক্ষেও সম্ভব নয়। এ জন্য রাষ্ট্রীয় সহযোগিতা প্রয়োজন।’
পৌরসভার মেয়র হারুনুর রশীদ পটিয়াকে জেলা ঘোষণার দাবি প্রসঙ্গে বলেন, ‘পটিয়াকে জেলা ঘোষণা করার সম্ভাবনা বাড়ছে। পটিয়া পৌরসভার বাসিন্দাদের শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার আয়তন বাড়াতে হবে। ক-শ্রেণির এই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে হয় রাজস্ব আয় দিয়ে। ফলে রাজস্বের টাকা দিয়ে পৌরসভার উন্নয়নকাজ করতে পারি না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন বলেন, জেলা হওয়ার জন্য পটিয়ায় যে অবকাঠামো দরকার তা নেই। জেলা হওয়ার আশায় থাকতে থাকতে উপজেলার কাঠামোও গড়ে ওঠেনি। উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে আছে। এসব দপ্তরকে এক ছাতার নিচে নিয়ে আসা হলে বাসিন্দাদের সেবা দেওয়ার বিষয়টি আরও সহজ হতো।
চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক আ ক ম শামসুজ্জামান চৌধুরী বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশের যানজট নিরসনের জন্য বাইপাস সড়ক নির্মাণ করা হবে। এ জন্য খুব শিগগির দরপত্র ঘোষণা করার প্রক্রিয়া চলছে।
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম, উপজেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশীষ কুমার চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুরোগ বিশেষজ্ঞ জয়দত্ত বড়ুয়া, বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তী, বাংলাদেশ শিক্ষক সমিতির পটিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল দে, নারী জাগরণ সংস্থার সভাপতি পারভীন আকতার, পশ্চিম পটিয়া-কর্ণফুলী ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন হায়দার, তরুণ সমাজকর্মী মোহাম্মদ হাসান মাহমুদ।