'রাজনৈতিক দলে গণতান্ত্রিক চর্চার ব্যাপক অভাব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমা প্রকাশন আয়োজিত রওনক জাহানের ‘পলিটিক্যাল পার্টিজ ইন বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, জাতীয় পার্টির নেতা সাবেক মন্ত্রী জি এম কাদের, বইয়ের লেখক রওনক জাহানসহ আল মাসুদ হাসানুজ্জামান ও ইমতিয়াজ আহমেদ। ছবিটি রাজধানীর বেঙ্গল শিল্পালয় থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ
প্রথমা প্রকাশন আয়োজিত রওনক জাহানের ‘পলিটিক্যাল পার্টিজ ইন বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, জাতীয় পার্টির নেতা সাবেক মন্ত্রী জি এম কাদের, বইয়ের লেখক রওনক জাহানসহ আল মাসুদ হাসানুজ্জামান ও ইমতিয়াজ আহমেদ। ছবিটি রাজধানীর বেঙ্গল শিল্পালয় থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার ব্যাপক অভাব রয়েছে। দলের একচেটিয়াত্ব দেশ ও সরকারের ওপর প্রতিষ্ঠিত হয়। এ ক্ষেত্রে জনগণের ভূমিকা গৌণ হয়ে যায়।

আজ শনিবার বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহানের ‘পলিটিক্যাল পার্টিজ ইন বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এমন মত দিয়েছেন। তাঁদের মতে, রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক করতে ভাবনার সময় এসেছে।

রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বইটির প্রকাশনা সংস্থা প্রথমা প্রকাশন। বইয়ের পর্যালোচনা করতে গিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ তাত্ত্বিকভাবে গণতন্ত্র, সুষ্ঠু দল ব্যবস্থা ও বহুত্ববাদের ধারক হলেও প্রয়োগের দিক থেকে বিশাল ফারাক রয়েছে। এখানে দল পরিচালিত হয় নেতা বা ব্যক্তিত্ব কেন্দ্রিক।

বইয়ের লেখক রওনক জাহান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক ভালো সম্পর্ক থাকলে সংঘাতের রাজনীতি থাকত না।’ ৯১-এর পর থেকে কে কীভাবে ক্ষমতায় যাবে, দলগুলো এ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ফলে তাঁদের মধ্যে সংঘাত বেড়ে গেছে। তিনি বলেন, ক্ষমতায় গেলে অর্ন্তঃদলীয় কোন্দল বেড়ে যায়। ক্ষমতায় থাকাকালে নেতা যদি চায় দলকে সংগঠিত ও সংস্কার করতে পারে। কিন্তু তারা তা করেন না। কারণ তারা মনে করেন নির্বাচনে যদি হেরে যান এসব মাস্তান লাগবে।

বিশিষ্ট এই রাষ্ট্রবিজ্ঞানী আরও বলেন, দেশের রাজনৈতিক নেতৃত্বের সবচেয়ে বিশেষ দিক হল, গত ৩০ বছর ধরে বড় তিনটি দলেরই প্রধান একই ব্যক্তি রয়ে গেছেন। সবগুলো দলেই উত্তরাধিকারের নেতৃত্ব প্রাধান্য রয়েছে। তৃণমূল পর্যায় পর্যন্ত একই অবস্থা। এ ক্ষেত্রে মানুষের পছন্দের বিষয়টি গৌণ। এ প্রবণতার কারণে রাজনৈতিক নেতৃত্ব কাঠামোগত দিক থেকে দাঁড়াতে পারছে না বলে তিনি মনে করেন।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতন্ত্র নেই, এ কথা অস্বীকার করার উপায় নেই। তারপরও এই রাজনৈতিক দলগুলো জনগণকে কিছু দিতে পারছে। অনেক সমালোচনার মধ্যেও প্রধান দুটি দলের মধ্যে এমন কিছু আছে, যা দিয়ে তারা বিপুলসংখ্যক ভোটারকে আকর্ষণ করতে পারে।

গওহর রিজভী বলেন, নির্বাচন হচ্ছে ভোটার ও প্রার্থীর মধ্যে একটি চুক্তি। ভোটার কী প্রার্থীকে সংসদে না যাওয়ার জন্য ভোট দিয়েছেন। এটা দেখার জন্য ৯০ দিন কেন অপেক্ষা করতে হবে-এ নিয়ে ভাবার প্রয়োজন আছে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোকে কর্তৃত্ববাদ এত বেশি আঁকড়ে ধরেছে যে এ থেকে বের হওয়া কঠিন। তাঁর মতে, একটি দায়িত্বশীল নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলের চরিত্র ও কর্মকাণ্ড বদলে দিতে পারে। কিন্তু বর্তমান নির্বাচন কমিশন এত অকেজো ও অথর্ব, এর ওপর আস্থা রাখা যায় না।

‘গণতন্ত্রকে টেকসই করতে রাজনৈতিক দলগুলোকে বিশ্বাসযোগ্য অঙ্গীকার করতে হবে যে তাঁরা নিজেদের দলে ও দেশে গণতান্ত্রিক চর্চা উৎসাহিত করবেন’-বইয়ের লেখকের এমন মন্তব্য সমর্থন করে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের বলেন, এ বিষয়ে বাংলাদেশের দলগুলোর মধ্যে বিশ্বাসযোগ্য অঙ্গীকারের ঘাটতি রয়েছে।

রাজনৈতিক দ্বন্দ্ব ও বিভেদ কমিয়ে আনতে একটি সামাজিক সনদ তৈরি করা প্রয়োজন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর কী কী ভূমিকা থাকবে, এগুলোসহ কিছু সুনির্দিষ্ট বিষয় ওই সনদে উল্লেখ থাকবে। জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধানে পরিবর্তন না আনার পরামর্শ দিয়ে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও দলগুলো বড়জোর ৩৫-৪০ শতাংশ ভোট পায়। তাই ৬০ শতাংশ ভোটারকে বাইরে রেখে সংবিধান পরিবর্তন না করে এ ক্ষেত্রে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত দেওয়া উচিত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান বলেন, এক-এগারোর পর দলগুলোতে শীর্ষ নেতৃত্বের কর্তৃত্ব আরও সুসংহত হয়েছে। রাজনৈতিক প্রক্রিয়ায় ব্যবসায়িক স্বার্থের প্রাধান্য অব্যাহত রয়েছে। রাজনীতির বাণিজ্যিকীকরণ হচ্ছে এবং সে সঙ্গে আছে অস্বচ্ছ রাজনৈতিক অর্থায়ন। দলগুলোতে অরাজনৈতিক উপাদানের অনুপ্রবেশ ও প্রভাব বিস্তার ঘটেছে, যা রাজনৈতিক মনোনয়নের সময় দৃশ্যমান হয়েছে।

অনুষ্ঠানের সঞ্চালনা করে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, বাংলাদেশ এগিয়েছে। আরও এগোনোর সম্ভাবনা আছে। কিন্তু এ ক্ষেত্রে সমস্যা হচ্ছে রাজনীতি। এ ক্ষেত্রে প্রধান চারটি দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর সমস্যা-সংকট নিয়ে রাষ্ট্র বিজ্ঞানী রওনক জাহান গবেষণালব্ধ আলোচনা তাঁর বইয়ে তুলে ধরেছেন।

আলোচনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি এ কে খন্দকার, অর্থনীতিবিদ রেহমান সোবহান, সাবেক অর্থমন্ত্রী সাঈদুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম, মানবাধিকার কর্মী হামিদা হোসেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুহ উল আলম লেনিন, অধ্যাপক দিলারা চৌধুরী, নারীনেত্রী মালেকা বেগম, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, ইতিহাসবিদ শরীফ উদ্দিন আহমদ, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, ইতিহাস লেখক মাহবুব আলম, সৈয়দ বদরুল আহসান, ড. রওশন জাহান, লেখক নিলুফার হুদা, মহিউদ্দিন আহমদ, আনোয়ার উল আলম, কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত প্রমুখ উপস্থিত ছিলেন।

রওনক জাহান ঢাকা, হার্ভার্ড ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাজনীতিবিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করেছেন। তিনি আইএলওসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে নারীবিষয়ক কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন। বিশ্বের বিভিন্ন খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান থেকে তাঁর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশিত হয়েছে। রওনক জাহান বর্তমানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো এবং হিউম্যান রাইটস ওয়াচ এশিয়ার পরিচালকমণ্ডলীর সদস্য। ইংরেজি ভাষায় লেখা পলিটিক্যাল পার্টিজ ইন বাংলাদেশ বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।