পশ্চিমাঞ্চল রেলের সান্তাহার থেকে লালমনিরহাট পর্যন্ত ১৮০ কিলোমিটার রেলপথে নাশকতা বেড়ে যাওয়ায় যাত্রীদের জন্য ‘ভয়ংকর’ হয়ে উঠেছে ট্রেনযাত্রা। হরতাল ও অবরোধের মতো কর্মসূচিতে হামলার আতঙ্কে জীবন হাতের মুঠোয় নিয়েই লোকজনকে ট্রেনে চলাচল করতে হচ্ছে। গত নয় মাসে ওই রেলপথে কমপক্ষে ৩৩টি নাশকতার ঘটনা ঘটেছে। এতে বহু যাত্রী হতাহত হয়েছে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক কর্মসূচিতে নাশকতার কবলে পড়ে ওই রেলপথে নয় মাসে তিনটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এসব সহিংসতায় ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি। ওই রেলপথে ৫০ জন নিরাপত্তাকর্মী এবং ৪০ জন আনসার সদস্য পাহারায় থাকলেও তাঁরা নাশকতা ঠেকাতে পারছেন না।
জানা গেছে, সিলিন্ডারভর্তি ‘অক্সি অ্যাসিটিলিন শিখা’ দিয়ে রেললাইন কেটে; ফিশপ্লেট, হুইস পাইপ ও প্যান্ড্রল ক্লিপ খুলে; রেললাইন উপড়ে ফেলে; রেলপথ ও রেল সেতুতে আগুন দিয়ে; রেল-সংকেত পাঠানোর তার কেটে ও ট্রেনে ককটেল হামলা চালিয়ে এসব নাশকতা হচ্ছে।
রেলওয়ে প্রকৌশল সূত্র জানায়, সান্তাহার-লালমনিরহাট পথে প্রতিদিন ছয়টি আন্তনগরসহ ১৮টি যাত্রীবাহী ট্রেনে গড়ে ২৫ হাজার যাত্রী যাতায়াত করে। নয় মাসে সান্তাহার থেকে গাইবান্ধার মহিমাগঞ্জ পর্যন্ত বগুড়া রেলওয়ের ৭২ কিলোমিটার রেলপথেই ২৭টি ‘রাজনৈতিক নাশকতা’র ঘটনা ঘটেছে। এ ছাড়া মহিমাগঞ্জ থেকে লালমনিরহাট পর্যন্ত লালমনিরহাট রেলওয়ের অধীনে অবশিষ্ট ১০৮ কিলোমিটার অংশে নাশকতা হয়েছে
ছয়বার। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের হরতাল-অবরোধেই এসব নাশকতা চালানো হচ্ছে।
রেলওয়ের দেওয়া তথ্যমতে, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজবে গত ৩ মার্চ বগুড়া জেলাজুড়ে তাণ্ডব ও সহিংসতার ঘটনা ঘটে। ওই দিন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনে কামারগাড়ি এলাকায় কয়েক ফুট রেললাইন উপড়ে ফেলে। এ ছাড়া শহরের সাবগ্রাম এলাকায় রেলপথের প্রায় ৮০০ ইআরসি প্যান্ড্রল ক্লিপ খুলে, গাবতলী ও তালোড়া এলাকায় আলাদা দুটি রেলসেতুর হুকবল খুলে নাশকতা চালানো হয়। হামলা ও অগ্নিসংযোগ করা হয় বগুড়া রেলস্টেশনেও।
এরপর ৮ মার্চ বগুড়া-সান্তাহার রেলপথের আলতাফনগর ও নশরতপুর স্টেশনের মধ্যবর্তী স্থানে প্রায় চার ফুট রেললাইন কেটে ফেলে দুর্বৃত্তরা। ১৩ মার্চ বগুড়া স্টেশনের অদূরে পুরান বগুড়া এলাকায় রেলপথের আটটি প্যান্ড্রল ক্লিপ খুলে আরেক দফা ট্রেনে নাশকতার চেষ্টা চালানো হয়। হরতালে ২ এপ্রিল রাতে বগুড়া স্টেশনমাস্টারের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়।
এদিকে মহিমাগঞ্জ থেকে লালমনিরহাটের ১০৮ কিলোমিটার অংশে গত নভেম্বর মাসে পাঁচটি ও চলতি মাসে একটি নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে মহিমাগঞ্জ-বোনারপাড়া রেলস্টেশনের বুরঙ্গি এলাকায় মেইলট্রেন পদ্মরাগ এক্সপ্রেস ৩ ডিসেম্বর মধ্যরাতে নাশকতার শিকার হয়। ফিশপ্লেট ও প্যান্ড্রল ক্লিপ খুলে ফেলায় ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে চার যাত্রী নিহত হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তারা পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিতে জানিয়েছে, ছাত্রশিবির এই নাশকতায় জড়িত।
বগুড়ার আজিজুল হক কলেজের শিক্ষার্থী গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার বাসিন্দা সঞ্জীব কুমার বলেন, ‘দুর্ঘটনার ভয়ে রাতে যাতায়াত করি না। দিনের বেলায় ট্রেনে চলতে গেলেও আতঙ্কে থাকতে হয়।’
বগুড়ায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত মাসুম মিয়া বলেন, ‘সপ্তাহ শেষে রাতের ট্রেনে বগুড়া থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ পর্যন্ত যাতায়াত করি। এখন ট্রেনে উঠলেই বুক দুরু দুরু করে। ট্রেনে উঠলেই অজানা ভয়ে প্রিয়জনের মুখগুলো ভেসে ওঠে।’
লালমনিরহাট রেলের বিভাগীয় সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট সাজ্জাদ হোসেন গত রোববার প্রথম আলোকে বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জের বুরুঙ্গিতে ট্রেনে নাশকতার ঘটনায় বিকল ইঞ্জিন এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ইঞ্জিন মেরামতের খরচ ছাড়াই ওই দিনের ঘটনায় রেলের সাড়ে ৬৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। নভেম্বরে লালমনিরহাটে মহেন্দ্রনগর ও তুষভান্ডারের নাশকতার ঘটনায় রেলের ক্ষতি হয়েছে ১০ লাখ টাকা। ইঞ্জিন মেরামত ও সান্তাহার পর্যন্ত ক্ষতি হিসাব করলে এ অঙ্ক কোটি ছাড়িয়ে যাবে।