একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় গতকাল রাত ১০টা এক মিনিটে কার্যকর হওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে তাৎক্ষণিকভাবে এ-সংক্রান্ত খবর ফলাও করে প্রচারিত হয়েছে।
যুক্তরাজ্যের সম্প্রচার সংস্থা বিবিসি শিরোনাম করেছে, ‘ইসলামপন্থী নেতা আবদুল কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে বাংলাদেশ।’ মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে তাঁকেই প্রথম ফাঁসিতে ঝোলানো হলো। এর আগে সুপ্রিম কোর্ট তাঁর রায় পুনর্বিবেচনার এক আবেদন খারিজ করে দেন। তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এ রায়ের আন্তর্জাতিক মান নিয়ে সংশয় রয়েছে। রায় কার্যকরের পর রাজধানী ঢাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএনের শিরোনাম ছিল, ‘জাতিসংঘের আপত্তি সত্ত্বেও বাংলাদেশ ইসলামপন্থী নেতাকে ফাঁসি দিল।’ কাতারভিত্তিক আল-জাজিরা ‘বিরোধী দলের নেতার ফাঁসি কার্যকর করল বাংলাদেশ’ শিরোনামে পরিবেশিত খবরে বলেছে, নির্বাচনের এক মাসের কম সময় বাকি থাকতে কাদের মোল্লার এ রায় বাংলাদেশের রাজনৈতিক সংকটকে আরও উসকে দিতে পারে। তবে তাঁর ফাঁসি কার্যকর হওয়ার পর জামায়াতে ইসলামীর তরফে শক্ত প্রতিক্রিয়া আশা করা হলেও রাজধানীর সড়কগুলো ছিল তুলনামূলক শান্ত। সমালোচকদের কথায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন সামনে রেখে বিরোধীদের দুর্বল করতে ট্রাইব্যুনালকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।
‘যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশে জামায়াত নেতার ফাঁসি’ শিরোনামে পাকিস্তানের ডন পত্রিকার অনলাইনে বলা হয়, সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেওয়ার কয়েক ঘণ্টা পরই কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়েছে।
এ ছাড়া বার্তা সংস্থা রয়টার্স, এএফপি, এপি, পিটিআই, দৈনিক পত্রিকা টাইমস অব ইন্ডিয়া, দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্টসহ বিশ্বের প্রধান প্রধান সংবাদমাধ্যমে বিশেষভাবে স্থান পায় কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার খবরটি।
ফাঁসি‘অমর্যাদাকর’ ও‘মানবাধিকারের লঙ্ঘন’: অ্যামনেস্টি
কাদের মোল্লার ফাঁসি কার্যকর করাকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ‘অমর্যাদাকর’ ও ‘মানবাধিকারের লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। একই সঙ্গে সংগঠনটি বলেছে, ওই ঘটনার পর বাংলাদেশের জনগণকে প্রতিশোধমূলক হামলা থেকে রক্ষার বিষয়টি অবশ্যই কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।
সংগঠনটির বাংলাদেশবিষয়ক গবেষক আব্বাস ফায়েজ গতকাল এক বিবৃতিতে বলেন, কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেওয়া কখনোই উচিত ছিল না। এই মৃত্যুদণ্ড মানবাধিকারের লঙ্ঘন।