'রাজনৈতিক' পৌরসভায় সেবা বাড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার গাবতলী পৌরসভা ভবনের প্রধান ফটকে ধান স্তূপ করছেন এক কৃষক। ছবিটি গতকাল দুপুরে তোলা l ছবি: প্রথম আলো
বগুড়ার গাবতলী পৌরসভা ভবনের প্রধান ফটকে ধান স্তূপ করছেন এক কৃষক। ছবিটি গতকাল দুপুরে তোলা l ছবি: প্রথম আলো

বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় পেরিয়ে কিছু দূর গেলেই সড়কের মাঝে স্থায়ী তোরণ। এটি শিবগঞ্জ পৌরসভার প্রবেশপথ। সড়কের দুই ধারে শুধু ফসলের খেত। খেতে কাজ করা দুই ব্যক্তির সঙ্গে নির্বাচন নিয়ে কথা তুললে তাঁরা পৌরসভা হওয়া নিয়েই ক্ষোভ ঝাড়লেন। এঁদের মধ্যে শফিকুর রহমান বললেন, পৌরসভা হওয়ার আগে এখানে প্রতি শতক জমির দাম ছিল ছয় থেকে আট হাজার টাকা। এখন সেই জায়গার দাম হয়েছে ৯৫ হাজার থেকে এক লাখেরও ওপরে। জমির দাম বাড়া ছাড়া পৌরসভা তাঁদের কিছু দিতে পারেনি। পাশেই দাঁড়ানো হারুন নামে আরেকজন যোগ করলেন, উপকার না হলেও করের টাকা ঠিকই দিতে হচ্ছে।
৩ নম্বর ওয়ার্ডের গরীবপুরে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। আগে একটি বেসরকারি স্কুল থাকলেও সেখানে এখন চাষ হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান বলেন, এখানেই অস্থায়ী কেন্দ্র তৈরি করে ভোট গ্রহণ করা হবে।
শিবগঞ্জ পৌরসভা ভবনের কাছে অবস্থিত স্টেশনারি দোকানের মালিক রাসেল আহমেদ বলেন, রাস্তার ময়লা-আবর্জনা পর্যন্ত তাঁদের পরিষ্কার করতে হয়। অথচ করের টাকা ঠিকই দিতে হচ্ছে।
বগুড়া স্থানীয় প্রশাসন, জেলা ও উপজেলা নির্বাচন কমিশনের কর্মকর্তাসহ অন্তত ২০ জনের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, জেলায় ১১টি উপজেলায় ১২টি পৌরসভা হয়েছে। শাহজাহানপুর উপজেলায় এখনো পৌরসভা হয়নি। দুপচাঁচিয়া উপজেলাতেই দুটি পৌরসভা। ২০১১ সালে ‘প্রয়োজন ছাড়াই’ তালোড়া নামে এখানে আরেকটি পৌরসভা করা হয়েছে।
বগুড়া সদর, শেরপুর, দুপচাঁচিয়া ও সান্তাহার ছাড়া বাকিগুলো পৌরসভা হওয়ার যোগ্য নয়। তারপরও বিভিন্ন সময়ে রাজনৈতিক বিবেচনায় এগুলোকে পৌরসভা করা হয়েছে। ভোটকেন্দ্র বসানোর মতো স্থাপনা না থাকায় চারটি পৌরসভায় পাঁচটি অস্থায়ী কেন্দ্র বসাতে হচ্ছে। বিগত বিএনপি সরকারের সময় এই জেলায় ছয়টি এবং তিনটি হয়েছে আওয়ামী লীগের আমলে। আর তিনটি পুরোনো।
জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, এগুলো নামে পৌরসভা হলেও কাজে কোনো সেবা নেই। বরং জনগণের ওপর করের বোঝা চাপানো হয়েছে। এ ছাড়া কোনো কোনো ইউনিয়ন ভেঙে এসব পৌরসভা করায় ইউনিয়নের সেবার মানও কমেছে। এগুলো পুনর্বিবেচনা করা উচিত।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অশোক মাধব রায় এ প্রসঙ্গে বলেন, পৌরসভাগুলো কীভাবে চলছে, তা মূল্যায়ন করে তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং নিয়ে থাকেন।
শিবগঞ্জ পৌরসভা ২০০২ সালের জুনে গঠিত হয়েছে। এখানে জনসংখ্যা প্রায় ২৬ হাজার। ভোটার ১৬ হাজার ১৯১ জন। পৌরসভার আয়তন ১৪ বর্গকিলোমিটার। পৌর এলাকার কয়েকজন প্রথম আলোকে বলেন, এই পৌরসভার নয়টি ওয়ার্ডের মধ্যে সাতটিই গ্রামে অবস্থিত। পৌরসভার মেয়র মতিয়ার রহমান বলেন, পৌরসভা হওয়ার আগে এখানে কোনো পাকা রাস্তাই ছিল না। এখন ২৪ কিলোমিটার পাকা রাস্তা হয়েছে। তবে তিনি স্বীকার করলেন যে গ্রামের দিকে আলোর ব্যবস্থা করা যায়নি।
বগুড়া সদর পৌরসভার সঙ্গে কাহালু পৌরসভার ভোটের হিসাবটি তুলনা করলেই বোঝা যাবে, এটি আসলে পৌরসভা হওয়ার যোগ্য কি না। কাহালু পৌরসভায় মোট ভোটার মাত্র ৯ হাজার ৮৫৮ জন। অথচ বগুড়ায় ভোটার ২ লাখ ৪৮ হাজার ৫৪ জন।
কাহালু পৌরসভায় স্থায়ী স্থাপনা না থাকায় দুটি অস্থায়ী ভোটকেন্দ্র বসাতে হচ্ছে। উলুট এবতেদায়ি মাদ্রাসা নামে কাগজে একটি কেন্দ্র থাকলেও গতকাল গিয়ে দেখা গেল, জঙ্গল ও বাঁশঝাড়ে ঘেরা একটি কবরস্থানের প্রবেশমুখে আধা পাকা একটি পরিত্যক্ত ঘর। একসময় মক্তব ছিল, এখন সারা বছর তালাবদ্ধ থাকে। পাশের ৭ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র করা হয়েছে একটি চাতালের গুদামে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০০২ সালে রাজনৈতিক বিবেচনায় এই পৌরসভা গঠন করা হয়। জনসংখ্যা মাত্র ২৩ হাজার। ৪ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া মহল্লার বাসিন্দা সালাম সরদার বলেন, পৌরসভা ঘোষণার পর উপকার তো হয়ইনি, উল্টো এখন ঘাড়ে চেপেছে নানা করের বোঝা। মহল্লার রাস্তাঘাট কাঁচা। নেই পর্যাপ্ত নালার সুবিধা।
গাবতলী পৌরসভাও হয়েছে একই সালে। সরেজমিনে পৌর ভবনের মূল ফটকে গিয়ে দেখা যায়, ধান কেটে স্তূপ করে রাখা হয়েছে। কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানান, প্রায় চার মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। গেল বছর এই পৌরসভায় রাজস্ব আয় হয়েছে মাত্র ৫৩ লাখ টাকার মতো। অথচ তাদের বাজেট ৭ কোটি ৯৮ হাজার টাকা। অবশ্য মেয়র সাইফুল ইসলাম বলেছেন, রাজস্ব আয় বেশি না হওয়ায় দু-এক মাস বেতনের সমস্যা হয়।
দুপুরে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিতে আসা জাহিদুল ইসলাম স্থানীয় ভাষায় বলেন, এই পৌরসভা তাঁদের গলায় বেঁধে দেওয়া হয়েছে।
বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, এই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় স্থানীয় একটি ঈদগাহ মাঠে অস্থায়ীভাবে কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে যে ওয়ার্ডে ভোট গ্রহণ করা হবে, সেই ওয়ার্ডেই কেন্দ্র স্থাপন করতে হয়।
এই এলাকার ৬৫ বছর বয়সী হেলালুর রহমান বলেন, ইউনিয়ন থাকার সময় তাঁদের কর দিতে হতো না। এখন বাড়ির জায়গার জন্য প্রতি শতকে ৬ টাকা ও জমির জন্য প্রতি শতকে ৫ টাকা কর দিতে হয়। কিন্তু এলাকায় পুরোনো রাস্তাটি ছাড়া নতুন কোনো রাস্তা নেই, পানির লাইনও নেই। নেই নালার ব্যবস্থা।
জেলায় নয়টিতে নির্বাচন হচ্ছে। এগুলোতে মোট ভোটার তিন লাখ ৭০ হাজার ৯১১ জন। এর মধ্যে শুধু বগুড়া সদরে ভোটার ২ লাখ ৪৮ হাজার ৫৪ জন।