‘রাজনৈতিক’ বলে প্রত্যাহার করা অপরাধের মামলা পুনরুজ্জীবিত করুন: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের নামে সরকার অনেক অপরাধের মামলাও প্রত্যাহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। এ ধরনের যত মামলা প্রত্যাহার করা হয়েছে, সেসব পুনরুজ্জীবিত করার দাবি জানিয়েছেন তিনি।গতকাল রোববার রাজধানীর মুক্তাঙ্গনে এক স্মরণসভায় এ দাবি জানান বিএনপির মহাসচিব। মালিবাগ হত্যাকাণ্ডে নিহত ব্যক্তিদের স্মরণে ওই সভার আয়োজন করা হয়। সভা চলাকালে মঞ্চে ওঠা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে দুই দফায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়।২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি মালিবাগে হরতালের সমর্থনে বিএনপির মিছিলে গুলিতে চারজন নিহত হন। বিএনপির অভিযোগ, সে সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের দলীয় সাংসদ ডা. এইচ বি এম ইকবাল ও বর্তমান সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন ওই হামলায় নেতৃত্ব দিয়েছেন। আওয়ামী লীগ এবার ক্ষমতায় আসার পর এই দুই আসামিসহ ১৪ জন আসামির নাম প্রত্যাহার করা হয়েছে। তবে বিএনপি দাবি করেছে, মামলাটি প্রত্যাহার করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার দেলোয়ার বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা সরকারের দায়িত্ব। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। শুধু দ্রব্যমূল্য নয়, সব ক্ষেত্রেই সরকার ব্যর্থ। তারা কোনো একটি ওয়াদাও পূরণ করতে পারেনি। শুধু ফাঁকিজুকি কথা দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করে চলেছে। তিনি এই প্রতারণা বাদ দিয়ে, ব্যর্থতার দায় নিয়ে সরকারকে ক্ষমতা ছেড়ে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানান। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন দিন, যে ফল হোক, বিএনপি মেনে নেবে।’ বাংলাদেশে বিশ্বের যেকোনো দেশের চেয়ে কম দামে পণ্য বিক্রি হচ্ছে বলে বাণিজ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তার সপক্ষে তথ্য-প্রমাণ প্রকাশ করার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘বিশ্বের কয়টি দেশের পরিসংখ্যান আপনার কাছে আছে, তা সবার সামনে প্রকাশ করুন। এত দিন বলেছেন, সিন্ডিকেট জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। আর এখন বলছেন, বিশ্বের সবচেয়ে কম দাম বাংলাদেশে। তাহলে কোনটি সঠিক?’ বিশৃঙ্খলা: সভা চলাকালে মঞ্চে ওঠা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে দুই দফায় বিশৃঙ্খলা দেখা দেয়। প্রথমে ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন বক্তব্য দেওয়ার সময় এক দফা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাঁর বক্তব্য শেষ হলে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা যখন বক্তব্য শুরু করেন, তখনো মঞ্চের ওপর-নিচে হইচই চলছিল। তা শান্ত করতে শিরিন সুলতানার বক্তব্য থামিয়ে মাইকে খালেদা জিয়ার নামে স্লোগান শুরু করেন ছাত্রদলের সভাপতি। এতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। আবার যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন যখন বক্তব্য শুরু করেন, তখন বাছবিচার ছাড়া মঞ্চে উঠতে থাকেন নেতা-কর্মীরা। এতে ক্ষিপ্ত হয়ে বক্তব্য থামিয়ে দেন মোয়াজ্জেম। আর নিচ থেকে যুবদলের কর্মীরা শুরু করেন হইচই। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর মির্জা আব্বাস মাইক নিয়ে পরিস্থিতি শান্ত করেন।