'রাজলক্ষ্মী' ভালো নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে ট্রাক থেকে নামানোর সময় পড়ে গিয়ে আহত হাতি ‘রাজলক্ষ্মী’ ভালো নেই। প্রায় এক সপ্তাহ ধরে হাতিটির চিকিৎসা চলছে। এখনো উঠে দাঁড়াতে পারছে না। চিকিৎসকদের ধারণা, হাতিটির কোমর অথবা মেরুদণ্ডের হাড় স্থানচ্যুত হয়েছে।

হাতিটি কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কানাইদাসি গ্রামের সিরাজুল ইসলামের। পোষা হলেও খবর জানার পর থেকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং প্রাণিসম্পদ বিভাগ হাতিটির সার্বক্ষণিক খোঁজখবর ও চিকিৎসার ব্যবস্থা করেছে।

স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, সার্কাস ও বিয়ের অনুষ্ঠানে খেলা দেখানোর জন্য নরসিংদীর একটি সার্কাস দল হাতিটি ভাড়া নেয়। ১৪ জুলাই রাতে হাতিটি ট্রাকে করে ফেরত দিতে আনা হয়। শ্রীমঙ্গলে ট্রাক থেকে নামাতে গেলে হাতিটি ছিটকে পড়ে আহত হয়। হাতিটি মাদি। বয়স প্রায় ৩৪ বছর। ওজন তিন হাজার কেজি। মালিকের দেওয়া নাম রাজলক্ষ্মী।

হাতিটির মালিক সিরাজুল ইসলাম গতকাল বলেন, ‘হাতিটি শ্রীমঙ্গল গরুর বাজার এলাকায় নামানোর কথা ছিল। তা না করে শ্রীমঙ্গল উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ ভাড়াউড়া এলাকায় নামানো হয়। ভুল জায়গায় নামানোর কারণে হয়তো ট্রাক থেকে ছিটকে পড়ে হাতিটি আহত হয়েছে। আমার এলাকায় পাহাড়ের দিকে নিয়ে গেলে সমস্যা হতো না। সার্কাসের লোকজন সেখানেই নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। কিন্তু আমার ছোট ভাই আসার আগেই তাঁরা ট্রাক থেকে হাতিটি নামান। ভাই এসে দেখে, হাতিটি মাটিতে পড়ে আছে। সার্কাসের লোকেরা বলেন, সমস্যা নেই। পরে এসে হাতি নিয়ে যান। পরের দিন সকালে এসে ভাই দেখে, হাতিটি দাঁড়িয়ে কিছুক্ষণ হেঁটেই পড়ে যায়। আর উঠতে পারেনি। তাঁরা বলেছিলেন, চিকিৎসার খরচ দেবেন। এখন যোগাযোগও করছেন না।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ভাড়াউড়া এলাকায় খালি জমিতে প্রাণিসম্পদ বিভাগের লোকজন হাতিটির পায়ে সুচ গেঁথে স্যালাইন দেওয়ার চেষ্টা করছেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, জেলা প্রাণী হাসপাতালের ভেটেরিনারি সার্জন নিরোদ চন্দ্র সরকার, শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মো. আরিফুল ইসলাম প্রমুখ।

ভেটেরিনারি সার্জন মো. আরিফুল ইসলাম বলেন, ‘শুরু থেকেই আমি হাতিটির চিকিৎসা করছি। তেমন উন্নতি নেই। এ রকম বেশি দিন শুয়ে থাকলে হাতি বাঁচে না। দুর্ঘটনায় হাতিটির কোমর বা মেরুদণ্ডের হাড় স্থানচ্যুত হয়ে থাকতে পারে। এক্স-রে করে দেখার সুযোগ নেই। বাঁচিয়ে রাখার জন্য প্রতিদিনবিভিন্ন ধরনের২০ লিটার স্যালাইন দেওয়া হচ্ছে। সাফারি পার্ক ও চিড়িয়াখানার প্রাণী বিশেষজ্ঞদের পরামর্শমতোই চিকিৎসা দেওয়া হচ্ছে।’

মিহির কুমার দো বলেন, হাতিটি বাঁচাতে সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করে চিকিৎসা দেওয়া হচ্ছে।