'রাজাকাররা তো আশপাশেই হারা বিচার-টিচার চাই না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোখের সামনে বাবা-মাকে গলা কেটে হত্যা করে খানসেনা ও রাজাকাররা। এরপর বিজলী রানীকেও গলা কেটে ফেলে রেখে যায়। ভাগ্যগুণে বেঁচে যান তিনি
চোখের সামনে বাবা-মাকে গলা কেটে হত্যা করে খানসেনা ও রাজাকাররা। এরপর বিজলী রানীকেও গলা কেটে ফেলে রেখে যায়। ভাগ্যগুণে বেঁচে যান তিনি

চোখের সামনে খানসেনা ও রাজাকারদের হাতে মা-বাবাকে নিহত হতে দেখেছেন বিজলী রানী। নিজেও মৃত্যুর দোরগোড়া থেকে ফিরেছেন। সেই ঘটনার বিচার চান কি না, বিজলী রানী? ‘চাই’ বলতেই তাঁর মুখের কথা কেড়ে নিলেন স্বামী সচীন্দ্র নাথ। বললেন, ‘হারা কারও বিচার-টিচার চাই না। এলা করে শত্রুতা বাড়বা চাই না। রাজাকাররা তো আশপাশেই আছে। আবার যি কাটাকাটি হবি না কেঙ্কেরে কবেন?’
আতঙ্ক যে আজও পরিবারটির পিছু ছাড়েনি, তা আর বুঝতে বাকি থাকল না। স্মৃতির অর্গল খুলে সেই সময়কার ঘটনাপ্রবাহ বলে চললেন বিজলী রানী।
সময়টা সম্ভবত আষাঢ়-শ্রাবণ মাস। দিনটা ছিল সোমবার। ঠিক দুপুরে খানসেনারা স্থানীয় রাজাকারদের সঙ্গে নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের চকদুলু, নারায়ণপুর এবং চকদুলু-নারায়ণপুর গ্রামটি ঘিরে ফেলে। রাইফেল আর বড় ধারালো ছোরা ছিল তাদের হাতিয়ার। বিজলী রানীর বয়স তখন ছয়-সাত বছর। বাবা দুর্গাচন্দ্র সরকার, মা সুমিত্রা রানী সরকার আর বড় বোন মমতা রানীকে নিয়ে থাকতেন চকদুলু-নারায়ণপুর গ্রামে। বাবা দুর্গাচন্দ্র ছিলেন বুদ্ধিপ্রতিবন্ধী। গ্রামে খানসেনা আর রাজাকারদের ঢুকতে দেখে বাধা দিয়ে বসেন তিনি। ধস্তাধস্তির একপর্যায়ে খানসেনারা সেখানেই তাঁকে গলা কেটে হত্যা করে। বড় বোন মমতা পালিয়ে গেলেও মা সুমিত্রার সঙ্গে বিজলী ধরা পড়েন।

খানসেনা ও রাজাকাররা হিন্দু-অধ্যুষিত ওই তিনটি গ্রাম থেকে মোট ২২ থেকে ৩৫ জন হিন্দু নারী, পুরুষ ও শিশুকে আটক করে। তাঁদের নেওয়া হয় গ্রাম তিনটির পশ্চিম দিকে অবস্থিত শালবনে (বর্তমানে সেই শালবন কেটে ইটভাটা বানানো হয়েছে)। নারী ও শিশুদের শালবনে রেখে পুরুষদের নিয়ে যাওয়া হয় পত্নীচান নামক স্থানে।

বিজলী রানী প্রথম আলোকে বলেন, ‘খানসেনারা একেক করে সবাইকে নিয়ে গিয়ে বলি (গলা কেটে হত্যা) দিল। হামার মাও কো চোখের সামনেই বলি দিল। সবার শেষে হামাক নিয়ে যায়ে গলাত চোট দিল। তারপর তো হারা কবার পারি না।’

পরের কাহিনি জানেন বিজলীর স্বামী সচীন্দ্র নাথ।

রাজাকার-খানসেনারা চলে যাওয়ার পর আশপাশের গ্রামগুলোর লোকজন ঘটনাস্থলে আসেন। তখন গাজীপুর গ্রামের জনৈক আব্বাস আলী দেখতে পান বিজলী রানী গোঙাচ্ছেন। তাঁর পেছন দিক থেকে গলা পর্যন্ত অনেকখানি কাটা। আব্বাস আলী দ্রুত বিজলীকে তাঁর বাড়িতে নিয়ে যান। কিন্তু এমন গুরুতর আহত রোগীর চিকিৎসা করাবেন, ডাক্তার কোথায়? নিরুপায় হয়ে গেলেন নবাবগঞ্জের গ্রাম্য চিকিৎসক আয়েজের কাছে। তিনিই বিজলীর চিকিৎসা শুরু করেন। কিন্তু দিন কয়েক পর রাজাকার-খানসেনারা বিষয়টি জেনে যায়। তারা আব্বাস আলীকে ধরতে গ্রামে আসে। খবর পেয়ে পরিবার ও বিজলী রানীকে নিয়ে রংপুরে চলে যান আব্বাস। মুক্তিযুদ্ধ শেষ হলে বাড়িতে ফেরেন তাঁরা। খবর পেয়ে বিজলীকে বাড়িতে নিয়ে আসেন তাঁর কাকা কৈলাস চন্দ্র সরকার।