জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের দ্বাদশ সাক্ষী সোনা মিয়া (৭৫) সাক্ষ্য দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে ঈদের পরদিন সকালে ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলায় রাজাকাররা ৩৮ জনের লাশ মাটিচাপা দেয়।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সোনা মিয়ার জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ।জবানবন্দিতে সোনা মিয়া বলেন, তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলার দক্ষিণপাড়া গ্রামে। মুক্তিযুদ্ধ চলাকালে ঈদের রাতে তিনি গাড়ির শব্দ ও অনেক লোকের আনাগোনা শুনতে পান। ওই রাতে পাঞ্জাবিরা (পাকিস্তানি সেনা) লোকদের গুলি করে মারে। তিনি গুলির শব্দ শুনেছেন। পরদিন সকালে তিনি ঘটনা শুনে দেখতে যান। রাজাকাররা তাঁকে দেখে চিৎকার করে বলে, ‘এদিকে কেন আসছ?’ তিনি দেখেন, রাজাকাররা গর্ত করছে এবং পাশে অনেক লাশ পড়ে আছে। একজনের হাত নড়তে দেখে তিনি রাজাকারদের বলেন, ‘জীবন্ত মানুষটারে কবর দিও না।’ নড়তে থাকা ওই লোককে ছেড়ে দেওয়া হয়। ৩৮ জনের লাশ মাটিচাপা দেওয়া হয়। ওই রাজাকারদের মধ্যে রুহুল নামের একজনকে তিনি চিনতে পারেন।সোনা মিয়ার জবানবন্দি মাত্র ১০ মিনিট স্থায়ী হয়। এরপর তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। দক্ষিণপাড়ায় কয়টি বাড়ি ছিল—আইনজীবীর এই প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, ১০-১২টি। পরের কয়েকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, রুহুল রাজাকার বেঁচে নেই, তাঁর বাড়ি রোকনঘাটে। তিনি রুহুলকে আগে থেকেই চিনতেন।মিজানুল ইসলাম বলেন, ‘একাত্তরের অনেক ঘটনাই তো আপনি ভুলে গেছেন।’ জবাবে সোনা মিয়া বলেন, ‘একাত্তরের ঘটনা ভুলব কেমনে?’ জেরা শেষে এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য রোববার দিন ধার্য করা হয়।গত বুধবার ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে এই মামলায় রাষ্ট্রপক্ষের একাদশ সাক্ষী মুক্তিযোদ্ধা শফিউদ্দিন আহমেদ বলেছেন, একাত্তরের ২১ নভেম্বর ঈদুল ফিতরের রাতে পাকিস্তানি সেনারা ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে ৩৯ জনকে পৈরতলায় নিয়ে গুলি করে হত্যা করে। এঁদের মধ্যে চিনু মিয়া নামে একজন মুক্তিযোদ্ধা বেঁচে যান। চিনু মিয়া তাঁকে বলেছেন, পৈরতলায় ৩৮ জনকে গুলি করে মাটিচাপা দেওয়া হয়েছে। এই ৩৮ জনের মধ্যে চারজন ছিলেন তাঁর (শফিউদ্দিন) সহযোদ্ধা। তাঁরা হলেন: সিরু মিয়া দারোগা ও তাঁর ছেলে আনোয়ার কামাল, সৈয়দ আবুল কাশেম ও নজরুল ইসলাম।সাকা চৌধুরীর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১ অক্টোবর: একই ট্রাইব্যুনালে গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী আশিস চৌধুরীকে জেরা শেষ করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।