‘রাজাকারের ফাঁসি চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজপথে কাদের মোল্লার ফাঁসির দাবি জানিয়ে আঁকা হয়েছে আলপনা। পাশেই রাবণের মতো পাঁচ মাথার রাজাকারের কুশপুত্তলিকা লক্ষ্য করে ছোড়া হচ্ছিল তির। ডান পাশের দেয়ালে মুক্তিযুদ্ধের স্থিরচিত্র প্রদর্শনী। বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকের সঙ্গে এসেছেন শিক্ষার্থীরা। মায়ের সঙ্গে শিশু, মসজিদের ইমাম, বৌদ্ধ ভিক্ষু, অফিসফেরত কর্মজীবী, গৃহিণী সবাই আসছেন। জনতার স্রোতে একটাই দৃপ্ত শপথ, ‘রাজাকারের ফাঁসি চাই।’চট্টগ্রাম নগরের জামালখানের প্রেসক্লাব চত্বরে গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় দ্বিতীয় দিনের মতো শুরু হয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ জনতার সমাবেশ। এর আগে সকাল থেকেই প্রেসক্লাব চত্বর ও আশপাশের এলাকা ঢেকে যায় ‘সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ, চট্টগ্রাম’-এর পোস্টারে। এসব পোস্টারে যুদ্ধাপরাধীদের ফাঁসিসহ পাঁচ দফা দাবি জানানো হয়।গতকাল বেলা তিনটায় উদীচী ও চারণ শিল্পীগোষ্ঠীর গণসংগীতের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মতো শুরু হয় সমাবেশ। মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ এসেছিলেন সহযোদ্ধাদের নিয়ে। তিনি প্রথম আলোকে বলেন, ‘এত দিনে মনে শান্তি পাচ্ছি। আমাদের উত্তরাধিকারেরা চেতনার মশাল ধারণ করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ তারাই গড়বে।’সমাবেশে সংহতি জানাতে আসেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এসেছিলেন নগর আওয়ামী লীগের নেতা খোরশেদ আলম, নারী নেত্রী নূরজাহান খান, খেলাঘর চট্টগ্রাম মহানগরের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, সাংবাদিক হাসান ফেরদৌস ও নাজিমুদ্দিন শ্যামল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডের সভাপতি মো. শাহাবুদ্দিন, উদীচীর সুনীল ধর প্রমুখ।গতকাল সন্ধ্যা গড়াতেই জ্বলে ওঠে মোমবাতি ও মশাল। রাত বাড়তেই শুরু হয় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদ, ছাত্র ফেডারেশন, খেলাঘর, চট্টগ্রাম অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম, প্রজন্ম একাত্তর, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, পরিবেশ ছাত্র ফোরাম, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, গণসংহতি আন্দোলন, প্রমা, বোধন, মুক্তিযোদ্ধার সন্তান, তাজকিয়া ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদ। প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ‘কাদের মোল্লার তিনটি গুণ, ধর্ষণ-জবাই-মানুষ খুন’, ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, কসাই কাদেরের ফাঁসি চাই’, ‘৭১-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’—এমন স্লোগানে গতকাল উত্তাল হয়ে উঠেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।কাদের মোল্লার ফাঁসির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণী কার্যক্রম বর্জন করে গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, প্রগতিশীল ছাত্রজোট, ছাত্রলীগ, কনকর্ড, জাগরণ অস্তিত্বে-৭১, যুদ্ধপরাধী, সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্রমঞ্চসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এতে বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি আলী আশরাফ, সাধারণ সম্পাদক সেকান্দর চৌধুরী প্রমুখ।