'রাতে মনে হয় বুকের মধ্যে কী যেন নাই'

সারা দিন যেমন-তেমন, রাতে মনে হয় বুকটা খালি, বুকের মধ্যে কী যেন নাই—কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন রিসার মা তানিয়া হোসেন।
রিসা। পুরো নাম সুরাইয়া আক্তার রিসা। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী রিসা বখাটের ছুরিকাঘাতে মারা যায় গত বছরের ২৮ আগস্ট। দেখতে দেখতে এক বছর কেটে গেল।
রিসার মা প্রথম আলোকে বলেন, ‘আজকের দিনে মেয়ের স্কুল থেকে তো কেউ একটা ফোনও দিল না। কেউ খোঁজও নিল না। আমাদের প্রথম সন্তান। আমরা তো ভুলতে পারি না। রাতে মনে হয় বুকের মধ্যে কি যেন নাই।’
রিসার মায়ের কথা থামে না। চোখের সামনে অষ্টম শ্রেণিতে পড়ুয়া কিশোরী মেয়েকে হারিয়েছেন তিনি। কত স্মৃতি। রিসার ড্রয়িং খাতায় আঁকা গ্রীষ্মকাল, গরুর গাড়িসহ বিভিন্ন ছবি তেমনই আছে। পুরান ঢাকার সিদ্দিক বাজারের বাসায় রিসার ঘরের দেয়ালে তার ছোটবেলার ছবিটাও ঝুলছে। মেয়ে বেঁচে থাকলে এবার নবম শ্রেণিতে পড়ত। রিসার মা বলেন, ‘মেয়ের ঘরটা তো আগের মতোই আছে। ঘরে লাগানো ওর প্রজাপতি গুলোও আছে। খালি আমার মেয়েটাই নাই। আমার মেয়েটা কত কষ্ট পাইয়া মরল। দেখতে দেখতে এক বছর হইয়া গেল, বিচারও তো পাইলাম না।’
ছোট ভাই রবি হোসেন ও বোন রোদেলা আক্তারের কাছে খুব প্রিয় ছিল রিসা। আজ সোমবার দুপুরে ফোন করে রিসার প্রসঙ্গ তুলতেই কিছুক্ষণ কথাই বলতে পারলেন না বাবা ব্যবসায়ী রমজান হোসেন। পরে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ‘মেয়ে মারা গেছে এক বছর হলো। মেয়ে হত্যার বিচার পাব কি পাব না তা বুঝতে পারতেছি না। কোর্টে হাজিরা দিতে আইস্যা আসামি আমারে দেখে হাসে। এখন শুনতাছি কোর্ট পরিবর্তন হইয়া মামলা শিশু আদালতে গেছে।’
আজ দুপুরে রিসা হত্যা মামলার আসামি ওবায়দুলের আইনজীবী ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ২২ আগস্ট আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে শিশু আদালতে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পেশকার মো. আলিফ প্রথম আলোকে বলেন, ‘মামলাটির বিচার প্রায় শেষ পর্যায়ে আছে। এ আদালতেই মামলার তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্য সবাই সাক্ষী দিয়েছেন। আমিও শুনেছি আসামিপক্ষ মামলাটি বদলির আবেদন করেছে। কিন্তু এখনো বদলির কোনো আদেশ হাতে পাইনি।’
রিসা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন প্রথম আলোকে বলেন, ‘দণ্ডবিধির ৩০২ ধারায় মামলার অভিযোগপত্র দিয়েছি। আমার সাক্ষ্য শুধু বাকি আছে। আদালত আমার অসুস্থতার কথা জানেন।’ মামলাটি শিশু আদালতে স্থানান্তরের বিষয়ে কিছু জানেন না বলে জানান আলী হোসেন।

গত বছরের ২৪ আগস্ট উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনের পদচারী-সেতু পার হওয়ার সময় বখাটে ওবায়দুল খান ছুরিকাঘাত করেন রিসাকে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট রিসা মারা যায়। এ ঘটনায় ২৫ আগস্ট রিসার মা রমনা থানায় ওবায়দুলকে একমাত্র আসামি করে মামলা করেন। ৩১ আগস্ট সকালে নীলফামারী থেকে ওবায়দুলকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার দিন পরীক্ষা শেষে স্কুল থেকে বেরিয়ে রিসা রাস্তার ওপারে যাওয়ার জন্য পদচারী-সেতুতে ওঠে। এর মাঝামাঝি পৌঁছালে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান ওবায়দুল। ঘটনার মাস ছয়েক আগে স্কুলের পোশাক বানাতে রিসা মায়ের সঙ্গে গিয়েছিল এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা মার্কেটের তৃতীয় তলার একটি টেইলার্সে। যোগাযোগের জন্য বাসার ঠিকানা ও মুঠোফোন নম্বর রেখে দেওয়া হয় দোকানে। এরপর থেকে ওই দোকানের কাটিং মাস্টার ওবায়দুল খান (২৯) মুঠোফোন নম্বরে যোগাযোগ করে রিসাকে উত্ত্যক্ত করতে থাকেন। বিষয়টি জানতে পেরে মুঠোফোনটি বন্ধও করে দেয় রিসার পরিবার। কিন্তু পিছু ছাড়েননি ওবায়দুল। মৃত্যুর আগে রিসা বলে গেছে, ওবায়দুলই ছুরি মেরেছে তাকে। পুলিশকেও সে একই জবানবন্দি দিয়েছে মৃত্যুর আগে।
রিসা তার মায়ের সঙ্গেই স্কুলে আসা-যাওয়া করত। কিন্তু মা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় ঘটনার মাত্র ২০ দিন আগে থেকে রিসা স্কুল ভ্যানে আসা-যাওয়া করছিল। কেন মেয়েকে স্কুল ভ্যানে দিলেন—সে আফসোস রয়েই গেছে রিসার বাবা-মায়ের।