'রানা প্লাজা আর বিজিএমইএর ইতিহাস আলাদা নয়'
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, রানা প্লাজা নির্মাণে দুর্নীতি হয়েছে। একইভাবে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর ভবনও দুর্নীতির মাধ্যমে নির্মিত হয়েছে। এই দিক থেকে এই দুই ভবনের ইতিহাস আলাদা নয়।
আজ সোমবার বিকেলে নীলফামারী ডায়াবেটিক হাসপাতালের সম্মেলনকক্ষে ‘দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন: স্থানীয় পর্যায়ে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।
ইফতেখারুজ্জামান বলেন, ‘দুর্নীতির কারণে বাংলাদেশে বহু মানুষের মৃত্যু হয়েছে। রানা প্লাজা আমাদের সামনে একটি জ্বলন্ত উদাহরণ। রানা প্লাজায় জমি থেকে শুরু করে ইমারত নির্মাণে দুর্নীতি হয়েছে। এমনকি সেদিন শ্রমিকদের কাজে যেতে বাধ্য করাটাও সরাসরি দুর্নীতি। একইভাবে দুর্নীতির মাধ্যমে বিজিএমইএ ভবন নির্মিত হয়েছে। রানা প্লাজার ইতিহাস আর বিজিএমইএর ইতিহাস আলাদা নয়।’
নীলফামারী সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি নরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ এন কে আলম চৌধুরী, আহসান আহম্মেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, নীলফামারী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরী, জেলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রশীদ, জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দৌলত জাহান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম, চেম্বার সভাপতি আবদুল ওয়াহেদ সরকার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ সোয়েম প্রমুখ।
সভায় টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, দেশে কালোটাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিকে আরও উত্সাহিত করা হচ্ছে। এটি দুর্নীতিতে সরকারের এক ধরনের সমর্থন। তিনি বলেন, সরকারি-বেসরকারি খাতে সেবা নিতে গিয়ে দেশের ৬৯ শতাংশ মানুষ দুর্নীতির শিকার হন। দুর্নীতি করলে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে—এ বিষয়টি যতক্ষণ নিশ্চিত করা যাবে না, ততক্ষণ পর্যন্ত দুর্নীতি উল্লেখযোগ্যভাবে রোধ করা সম্ভব হবে না। এ জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন।
সাবেক সাংসদ আহসান আহম্মেদ তাঁর বক্তব্যে বলেন, দেশের ৬৪টি জেলার জেলা প্রশাসকদের একটি করে এলআর ফান্ড রয়েছে যা থেকে কর্মকর্তারা তাঁদের খেয়াল খুশিমতো খরচ করেন। ওই তহবিলের কোনো অডিট পর্যন্ত হয় না। এখানে বড় ধরনের দুর্নীতি হয়। সেটি বন্ধের দাবি জানান তিনি।
নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নূর মো. আনিছুল ইসলাম চৌধুরী দুর্নীতি প্রতিরোধে সরকারি চাকরিতে যোগদানের সময় ও কর্মকর্তাদের বিয়ের সময় তাঁর পরিবারের, শ্বশুর-শাশুড়ির সম্পদের হিসাব বাধ্যতামূলক করার দাবি জানান।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনীতিক, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।