'রানা প্লাজার নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো তহবিল নেই'
প্রধানমন্ত্রীর প্রেস উইং বলেছে, রানা প্লাজার নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলাদা কোনো তহবিল নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রানা প্লাজা ধসে হতাহতদের জন্য প্রধানমন্ত্রীর তহবিলে সংগৃহীত অর্থ নিয়ে যে বক্তব্য দিয়েছে, সেটিকেও ‘বিভ্রান্তিকর’ দাবি করা হয়।
বার্তা সংস্থা বাসস জানায়, টিআইবির এই বক্তব্য আজ মঙ্গলবার প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে দেওয়া ব্যাখ্যায় বলা হয়েছে, রানা প্লাজার ঘটনায় হতাহতদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১২৭ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে এবং এর মধ্যে ১০৫ কোটি টাকা (প্রকৃতপক্ষে টিআইবি বলেছে ১০৮ কোটি) অব্যবহৃত রয়েছে বলে টিআইবি সংবাদ সম্মেলনের মাধ্যমে যে তথ্য দিয়েছে, তা সত্য নয়।
ব্যাখ্যায় বলা হয়, বিভিন্ন সময় নানাবিধ দুর্যোগ মোকাবিলাসহ দুস্থদের সাহায্যার্থে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’-এ অর্থ অনুদান দিয়ে থাকেন। এ তহবিল থেকে দুস্থ লোকজনের চিকিৎসা, লেখাপড়া, গৃহনির্মাণ, পরিবারের ভরণপোষণ ইত্যাদির জন্য নিয়মিতভাবে অর্থসাহায্য প্রদান করা হয়। বিভিন্ন দুর্ঘটনায় যাঁরা আয়-সক্ষমতা অথবা পরিবারের উপার্জনক্ষম সদস্য হারিয়েছেন, তাঁদের অনুকূলে ৫ লাখ টাকা থেকে শুরু করে ৩০ লাখ টাকা পর্যন্ত পরিবার সঞ্চয়পত্র করে দেওয়া হয়েছে।
ব্যাখ্যায় আরও বলা হয়, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনার পর প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান এসেছে। তবে রানা প্লাজা নামে কোনো তহবিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে নেই। এই নামে কোনো অনুদানের চেকও আসেনি। ফলে রানা প্লাজা দুর্ঘটনার পর আলাদাভাবে কোনো অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা পড়ার রেকর্ড নেই। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের হিসাবটি সোনালী ব্যাংক, প্রধানমন্ত্রীর কার্যালয় করপোরেট শাখায় চালু আছে।