'রানা প্লাজা' মুক্তিতে আর বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘রানা প্লাজা’র প্রদর্শনী ও সম্প্রচারের ওপর আপিল বিভাগের আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদন খারিজ করা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আবেদন খারিজ করে দেন।

এতে ‘রানা প্লাজা’ চলচ্চিত্রটি মুক্তি পেতে ও প্রদর্শনে আর কোনো আইনি বাধা নেই বলে জানালেন আইনজীবীরা।

পুনর্বিবেচনার আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।

সাভারের রানা প্লাজা ধসের ঘটনা নিয়ে নির্মিত ‘রানা প্লাজা’ চলচ্চিত্রটি গত ৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এতে নানা ভীতিকর দৃশ্য দেখানোর অভিযোগ করে গত ২০ আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন বাংলাদেশ ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কার্স এমপ্লয়িজ লিগের সভাপতি সিরাজুল ইসলাম। ২৪ আগস্ট শুনানি শেষে দেশে-বিদেশের প্রেক্ষাগৃহে বা অন্য যেকোনো মাধ্যমে চলচ্চিত্রটি প্রদর্শন ও সম্প্রচারের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। এর ফলে চলচ্চিত্রটির মুক্তি আটকে যায়।

পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান চলচ্চিত্রটির প্রযোজক শামীমা আক্তার। তাঁর করা আবেদনের নিষ্পত্তি করে ৬ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেন। এরপর আপিল বিভাগের ওই স্থগিতাদেশ পুনর্বিবেচনার আবেদন করেন সিরাজুল ইসলাম।