'রানা প্লাজা' মুক্তিতে বাধা কাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র রানা প্লাজার প্রদর্শনী ও সম্প্রচারে হাইকোর্ট যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন, তা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে চলচ্চিত্রটির মুক্তি পেতে আইনি বাধা কাটল।
রানা প্লাজার প্রযোজক শামীমা আক্তারের করা একটি আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ এবং এ এম আমিনউদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, সেন্সর বোর্ড থেকে রানা প্লাজা ছাড়পত্র পেয়েছে। তাই এটিকে আটকে রাখার সুযোগ নেই। এ জন্য হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেছেন সর্বোচ্চ আদালত।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডসংলগ্ন রানা প্লাজা ধসে পড়ে। এতে ভবনের পাঁচ পোশাক কারখানার শ্রমিকসহ সহস্রাধিক লোকের প্রাণহানির ঘটনা ঘটে। রানা প্লাজা ধসের ঘটনা নিয়ে চলচ্চিত্রটি নির্মিত।
৪ সেপ্টেম্বর রানা প্লাজা চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা ভীতিকর দৃশ্য দেখানোর অভিযোগ করে ২০ আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কার্স এমপ্লয়িজ লীগের সভাপতি সিরাজুল ইসলাম। ২৪ আগস্ট শুনানি শেষে দেশে-বিদেশের প্রেক্ষাগৃহে বা অন্য যেকোনো মাধ্যমে চলচ্চিত্রটি প্রদর্শন ও সম্প্রচারের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। এর ফলে চলচ্চিত্রটির মুক্তি আটকে যায়।
পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান শামীমা আক্তার। আপিল বিভাগের গতকালের আদেশের পর চলচ্চিত্রটির মুক্তিতে বাধা কাটল।