'রানা প্লাজা'র প্রদর্শন সাময়িকভাবে স্থগিত
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পর্যবেক্ষণের আলোকে ফিল্ম সেন্সর আপিল কমিটি কর্তৃক সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত ‘রানা প্লাজা’ চলচ্চিত্রের সেন্সর সনদ স্থগিত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে চলচ্চিত্রটির প্রদর্শন সারা বাংলাদেশে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এদিকে, আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘রানা প্লাজা’র প্রদর্শনী ও সম্প্রচারের ওপর আপিল বিভাগের আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদন খারিজ করে দেন। এতে চলচ্চিত্রটির মুক্তি পেতে ও প্রদর্শনে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছিলেন আইনজীবীরা। তবে ফিল্ম সেন্সর আপিল কমিটির কাছে করা একটি আবেদন নিষ্পত্তি না হওয়ায় চলচ্চিত্রটির প্রদর্শন আপাতত স্থগিত করা হয়।
সাভারের রানা প্লাজা ধসের ঘটনা নিয়ে নির্মিত ‘রানা প্লাজা’ চলচ্চিত্রটি গত ৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এতে নানা ভীতিকর দৃশ্য দেখানোর অভিযোগ করে গত ২০ আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন বাংলাদেশ ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কার্স এমপ্লয়িজ লীগের সভাপতি সিরাজুল ইসলাম। ২৪ আগস্ট শুনানি শেষে দেশে-বিদেশের প্রেক্ষাগৃহে বা অন্য যেকোনো মাধ্যমে চলচ্চিত্রটি প্রদর্শন ও সম্প্রচারের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। এর ফলে চলচ্চিত্রটির মুক্তি আটকে যায়।
পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান চলচ্চিত্রটির প্রযোজক শামীমা আক্তার। তাঁর করা আবেদনের নিষ্পত্তি করে ৬ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেন। এরপর আপিল বিভাগের ওই স্থগিতাদেশ পুনর্বিবেচনার আবেদন করেন সিরাজুল ইসলাম।
আরও পড়ুন: