'রানা প্লাজা'র প্রদর্শনীতে স্থিতাবস্থা
পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র রানা প্লাজার প্রদর্শনী ও সম্প্রচারের ওপর ১৪ সেপ্টেম্বর পর্যন্ত স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। আপিল বিভাগের আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা একটি আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। তিনি প্রথম আলোকে বলেন, পুনর্বিবেচনার আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ১৪ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন চেম্বার আদালত। ওই দিন পর্যন্ত রানা প্লাজার ওপর স্থিতাবস্থা থাকবে। ফলে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত চলচ্চিত্রটি মুক্তি দেওয়া যাবে না।
রানা প্লাজা ধসের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্রটি ৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এতে নানা ভীতিকর দৃশ্য দেখানোর অভিযোগ করে গত ২০ আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন বাংলাদেশ ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কার্স এমপ্লয়িজ লীগের সভাপতি সিরাজুল ইসলাম।