'রানা প্লাজা'র সেন্সর সনদ বাতিল কেন অবৈধ নয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র রানা প্লাজার সেন্সর সনদ বাতিল করে সেন্সর আপিল কমিটির দেওয়া সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এই আদেশ দেন। তথ্যসচিবসহ ১৩ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন রানা প্লাজা ধসের ঘটনায় এক হাজারের বেশি মানুষ নিহত হন। আহত হন কয়েক হাজার মানুষ। এ ঘটনা নিয়ে নির্মাণ করা হয় চলচ্চিত্র রানা প্লাজা। পরে চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য সেন্সর সনদ দেয় চলচ্চিত্র সেন্সর বোর্ড।
গত ৪ জানুয়ারি ওই সনদ বাতিল করে সেন্সর আপিল কমিটি। এ-সংক্রান্ত তথ্য বিবরণীতে বলা হয়, শামীমা আক্তার প্রযোজিত রানা প্লাজা চলচ্চিত্রটি প্রদর্শনের উপযোগী নয় বলে বিবেচনা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর আপিল কমিটি। তাই চলচ্চিত্রটিকে সেন্সর সনদবিহীন ঘোষণা করা হয়েছে। সেন্সর আপিল কমিটি সনদ ফিরিয়ে না দেওয়ায় দেশের কোথাও চলচ্চিত্রটি দেখানো যাবে না। আর তা দেখানো হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরে সেন্সর আপিল কমিটির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন চলচ্চিত্রটির প্রযোজক শামীমা আক্তার।