‘রান্নাঘরে পানি, বাঁইচা আছি উড়ুম খাইয়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খুব বিপদের মধ্যে আছি। ঘরের মধ্যে হাঁটু পানি। মাচা বানাইয়া থাকতে হচ্ছে। রান্নাঘরে পানি। চুলা ধরানোর উপায় নাই। বাঁইচা আছি উড়ুম (মুড়ি), চিঁড়া খাইয়া।’নিজের পরিবারের অসহায় অবস্থার কথা বলছিলেন ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের তাইজদ্দীন মাতুব্বরেরডাঙ্গি গ্রামের গৃহবধূ মমতা বেগম।মমতা বেগমের প্রতিবেশী ইউসুফ মিয়ার অবস্থাও বিশেষ ভালো নয়। তিনি কাজ করেন ইটভাটায়। ভাটাটি প্লাবিত হওয়ায় এখন তিনি বেকার। ‘কাজ নাই। এক হাঁটু পানিতে দাঁড়াইয়া ইট দিয়া চুলা উঁচু কইরা তাতে রান্না করছি ভাত আর আলুর ভর্তা। এগুলোই খাব আজ সারা দিন।’ কথাগুলো বলেন ইউসুফ মিয়া।গতকাল বুধবার সরেজমিনে তাইজদ্দীন মাতুব্বরেরডাঙ্গি গ্রামের মানুষের দুর্ভোগের এ চিত্র দেখা যায়। গ্রামের গোলডাঙ্গি সেতু পানিতে ডুবে গেছে। রাস্তার বিভিন্ন জায়গায় উঠেছে পানি। নৌকা ছাড়া এ এলাকার লোকজনের বের হওয়ার আর সুযোগ নেই। এক ঘর থেকে অন্য ঘরে যেতে হয় বাঁশের সাঁকো দিয়ে। গবাদিপশুর অবস্থা আরও করুণ। মুরগিগুলোকে ঘরের মধ্যেই আটকে রাখা হচ্ছে। গ্রামের মাজু খাতুনের বাড়ির চারদিকে পানি। ঘরের ভেতর মাচা বানিয়ে পাটখড়ির বেড়া ফাঁক করে বাইরের দিকে তাকিয়ে থাকেন তিনি। ২০ দিন ধরে এভাবে আছেন মাজু। ‘রোজা, ঈদ করছি সাঁতার কাইটা। কোনো সাহায্য পাই নাই।’ ঘরে পানি ঢোকায় নৌকার মধ্যে বসতি বানিয়ে নিয়েছেন ওই গ্রামের ইউনুস-রোজিনা দম্পতি। গরুটাকে রেখেছেন ঘরের ভেতর খড়-ঘাসের ঢিবি বানিয়ে। ইউনুস জানান, গত ১৫ দিন ধইরা এই নৌকার ওপরই বাঁইচা আছি।ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুজ্জামান জানান, আমার এলাকার বেশির ভাগ লোক নদী ভাঙার শিকার। তারা দরিদ্র। কাজ না থাকলে তাদের উপোস করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। এ ইউনিয়নের দুই হাজার ৫৩০টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাইকে সাহায্য করতে পারিনি। এক হাজার ২০০ পরিবারকে ১০ কেজি করে চাল দিতে পেরেছি।শুধু ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নই নয়। বন্যায় প্লাবিত হয়েছে আলীয়াবাদ, নর্থচ্যানেল, অম্বিকাপুর ও চরমাধবদিয়া ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল। এর মধ্যে আলীয়াবাদ ইউনিয়নে দুই হাজার পরিবার, অম্বিকাপুর ইউনিয়নে এক হাজার পরিবার, নর্থচ্যানেল ইউনিয়নে ৭৯২ পরিবার ও চরমাধবদিয়া ইউনিয়নে ৪৯৮টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।জেলায় গতকাল সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। চরভদ্রাসন উপজেলার প্রায় তিন হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সদরপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে।