'রামপাল নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে পিডিবি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি বলেছে, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প শুধু সুন্দরবন ধ্বংসই করবে না, এটি পানিসম্পদ, জীবন-জীবিকা, স্বাস্থ্যের যে মাত্রায় ক্ষতি করবে, তার আনুমানিক মূল্য নিরূপণ করা সম্ভব নয়। অথচ এই প্রকল্প নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ভুল ও প্রতারণামূলক তথ্য উত্থাপন করে জনগণকে বিভ্রান্ত করছে।
গতকাল শনিবার সকালে জাতীয় কমিটি আয়োজিত ‘রামপাল প্রকল্পের সংশোধিত ইআইএ, পিডিবির বিভ্রান্তিকর মতামত ও আমাদের জবাব’ শীর্ষক আলোচনা সভায় এই অভিমত জানান কমিটির বিশেষজ্ঞরা। পুরানা পল্টনে মুক্তি ভবনের প্রগতি সম্মেলনকক্ষে জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে এই সভা হয়। সভাপতি প্রকল্পটিকে ‘জাতীয় স্বার্থবিরোধী ও সুন্দরবন ধ্বংসকারী’ প্রকল্প বলে উল্লেখ করে এটি বাতিলের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, রামপালের পরিবর্তে জাতীয় কমিটি বিকল্প হিসেবে ভারতে বিদ্যুৎকেন্দ্র স্থাপন, যথাযথ প্রক্রিয়ায় অন্যত্র এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন, গ্যাসভিত্তিক বৃহৎ বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য অসম চুক্তি বাতিল এবং নবায়নযোগ্য জ্বালানি উৎসের ব্যবহার নিশ্চিত করার কথা বলেছে। তিনি প্রশ্ন করেন, ভারত এখন পাঁচ টাকায় সৌরবিদ্যুৎ উৎপাদন করছে, তাহলে বাংলাদেশ কেন পারবে না?
অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান এই প্রকল্পকে বাংলাদেশের জন্য আর্থিক বোঝা বৃদ্ধির উৎস বলে উল্লেখ করেন।
সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোসাহিদা সুলতানা, তানজিম আহমেদ খান, কল্লোল মোস্তফা, পিনাকী ভট্টাচার্য, সিপিবি নেতা রুহিন হোসেন প্রমুখ বক্তব্য দেন।