'রামপাল প্রকল্প অন্যত্র স্থানান্তর করা হোক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা বিদ্যুৎ প্রকল্প স্থাপনের বিরোধী নই, তবে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করে এমন যেকোনো প্রকল্পের বিরোধী। আমরা চাই জনস্বার্থে বিদ্যুতের চাহিদা মেটাতে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল করে তা অন্যত্র স্থানান্তর করা হোক।’

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল এবং গ্যাস–বিদ্যুতের দাম না বাড়ানোর দাবিতে এক সমাবেশ ও মানববন্ধনে এসব কথা বলেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ঢাকা মহানগরের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, ক্রমবর্ধমান বিদ্যুৎ–সংকট মোকাবিলায় সরকারের সাফল্য আছে। তবে সরকার স্বার্থান্বেষী ও মুনাফালোভীদের স্বার্থে এবং বৈদেশিক চাপের মুখে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল ধ্বংসকারী এই রামপাল বিদ্যুৎ প্রকল্প চুক্তি করেছে। এ প্রকল্প বাতিল করে অন্যত্র স্থাপন করা হোক।

নেতারা বলেন, নতুন করে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি উদ্যোগ জনস্বার্থের বিরোধী। এমনিতেই বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে। এরই মধ্যে অহেতুক গ্যাসের দাম বাড়ানো হলে মানুষের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে।

সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন ন্যাপ সভাপতি আবদুর রহমান। বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য নজরুল মজিদ বেলাল, সহসাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুর রশীদ সরকার, মহানগর ন্যাপের সাধারণ সম্পাদক নয়ন আহমেদ, ন্যাপ নেতা নাসিমা হক রুবি প্রমুখ।