'রামপাল প্রকল্পে সরকারকে বিপুল ভর্তুকি দিতে হবে'
বাংলাদেশে বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে যে খরচ হয়, রামপাল বিদ্যুৎকেন্দ্রে তার চেয়ে ৬২ শতাংশ বেশি খরচ হবে। রামপাল প্রকল্পে বাংলাদেশ সরকার ইতিমধ্যে ১৫ বছরের জন্য কর মওকুফ করেছে, যার আর্থিক মূল্য ৯৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বিদ্যুৎ প্রকল্পটিতে কয়লা আনার জন্য বাংলাদেশ সরকারকে নদী খনন ও রক্ষণাবেক্ষণের জন্য বছরে ২ কোটি ৬০ লাখ ডলার ব্যয় করতে হবে।
রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের অর্থনৈতিক সমীক্ষা প্রতিবেদনে এসব তথ্য ও বিশ্লেষণ দেওয়া হয়েছে। শনিবার সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) যৌথ উদ্যোগে প্রতিবেদনটি তুলে ধরা হয়। এটির শিরোনাম ‘ঝুঁকিপূর্ণ ও অতিরিক্ত ব্যয়বহুল রামপাল বিদ্যুৎকেন্দ্র: একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সমীক্ষা প্রতিবেদন’, বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে রামপাল প্রকল্পকে আর্থিক ও পরিবেশ দুই দিক থেকেই উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বলা হয়, এই প্রকল্পের মূল উদ্দেশ্যই হলো ভারতীয় কয়লা রপ্তানি নিশ্চিত করা। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের এত কাছে পুরোনো সেকেলে প্রযুক্তি দিয়ে এই প্রকল্প করার মাধ্যমে ভারতের পরিবেশ রক্ষার নীতিকেও আড়াল করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের জন্য ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন এক্সিম ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ দেওয়া হবে। এর ফলে সে দেশের জনগণের কর থেকে ৯৮ কোটি ৮০ লাখ ডলারের ভর্তুকি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক এম এম আকাশ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব ডা. মো. আবদুল মতিন। সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামালের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মোহাম্মদ, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক বদরুল ইমাম, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ও ওয়াটারকিপারস বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল।
সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন সমীক্ষা প্রতিবেদনের এনার্জি ফিন্যান্স স্টাডিজ, অস্ট্রেলিয়ার পরিচালক ও আইইইএফএ গবেষক জয় শারদা।
অনুষ্ঠানে সুলতানা কামাল বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের ওপর বিরূপ প্রভাব ফেলবে। সচেতন জনগণ এই প্রকল্পের বিপক্ষে। একটি নিরপেক্ষ বিজ্ঞানভিত্তিক সমন্বিত সমীক্ষা ছাড়া কোনোভাবেই এ প্রকল্প গ্রহণযোগ্য হতে পারে না।
অধ্যাপক এম এম আকাশ বলেন, এই সমীক্ষায় বলা হয়েছে, প্রকল্পটি ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল। এটি কখনোই দেশের জন্য সুফল বয়ে আনবে না।
অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, এই প্রকল্পের প্রকৃত খরচ গোপন করা হয়েছে। প্রকল্পে উৎপাদিত বিদ্যুতের মূল্য বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের গড় মূল্যের চেয়েও অনেক বেশি।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এই প্রতিবেদনে যেসব ঝুঁকি ও উদ্বেগের কথা বলা হয়েছে, আমি আশা করব সরকার সেগুলোর প্রতি দৃষ্টি দেবে এবং জনগণকে প্রকৃত তথ্য জানাবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক বদরুল ইমাম বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য প্রযুক্তিকে সরকারের পক্ষ থেকে সর্বাধুনিক ও নিরাপদ প্রযুক্তি বলা হলেও বাস্তবে সেকেলে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রকল্পটির কোনো পরিবেশগত ছাড়পত্র নেই, তাই আইনগতভাবে প্রকল্পটির কোনো বৈধতাও নেই।
ওয়াটারকিপারস বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, সরকার এত দিন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রবিরোধী আন্দোলনকে উন্নয়নবিরোধী হিসেবে আখ্যা দিলেও এই প্রতিবেদন প্রমাণ করে, দেশের অর্থনৈতিক ও পরিবেশগত ভবিষ্যৎ সুরক্ষার জন্যই এই প্রকল্প বাতিল করা দরকার।