'রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাকে ব্যাহত করতে চলছে অপপ্রচার।

গতকাল মঙ্গলবার চট্টগ্রামে ‘ইয়েস টু রামপাল’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তারা এসব অভিযোগ করেন। চট্টগ্রাম জেলা পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সুচিন্তা স্টুডেন্ট অ্যান্ড ইয়ুথ উইংয়ের চট্টগ্রাম মহানগর শাখা।

অনুষ্ঠানের প্রধান অতিথি জ্বালানি বিশেষজ্ঞ খন্দকার সালেক সুফি বলেন, ‘ইউনেসকো হচ্ছে জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক প্রতিষ্ঠান। কিন্তু তারা রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে যে প্রতিবেদন দিয়েছে, তাতে কোনো সায়েন্স নেই। পরিবেশবাদীরাও ভুল তথ্য দিচ্ছেন।’

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন বলেন, ‘সাম্রাজ্যবাদী শক্তির কিছু পেইড এজেন্ট রামপাল বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আর বামপন্থীরাও এ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন করছে। তাদের সঙ্গে বিএনপি ও জামায়াত-শিবিরও যুক্ত হয়েছে।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে দুই ভাগ বিদ্যুৎ কয়লা থেকে উৎপাদন করা হয়। আর যুক্তরাষ্ট্র ৪০ ভাগ, জার্মানি ৪১ ভাগ, জাপান ২৭ ভাগ ও ভারত ৬৮ ভাগ বিদ্যুৎ কয়লা থেকে উৎপাদন করে। তাহলে এই উন্নত রাষ্ট্রগুলো কি তাদের দেশ ও পরিবেশ নষ্টের জন্য কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে? তারা কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে।

বক্তারা রামপাল প্রকল্পকে পুরোপুরি পরিবেশবান্ধব বলে দাবি করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের চট্টগ্রামের চেয়ারপারসন আবু তৈয়ব, রোটারি চট্টগ্রামের সভাপতি স্থপতি আশিক ইমরান, সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক মো. আশরাফুল ইসলাম ও যুগ্ম সমন্বয়ক আবুল হাসনাত বেলাল, কার্যকরী সদস্য বোখারী আজম প্রমুখ।