‘রামুর ঘটনায় নাইক্ষ্যংছড়ির চেয়ারম্যান জড়িত নন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কক্সবাজারের রামুর বৌদ্ধমন্দির ও বসতিতে হামলায় ঘটনায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমদ মোটেও জড়িত নন। সরকারি তদন্ত প্রতিবেদন দেওয়ার আগে কেউ তাঁর (তোফাইল) সঙ্গে কথা বলেননি। তদন্ত দলের সদস্যরাও তাঁকে সাক্ষাৎকারের জন্য ডাকেননি। অথচ তদন্ত প্রতিবেদন প্রকাশের আগেই তাঁকে নিয়ে বিভিন্ন পত্রিকায় লেখালেখি করে সামাজিকভাবে তাঁর সম্মানহানি করা হচ্ছে।’ গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান তোফাইলের স্ত্রী মনোয়ারা বেগম এ দাবি করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলার চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে দীপক বড়ুয়া, মং ক্য চিং চাক, মো. মনিরুল ইসলাম ও রশিদ আহমদ, জনসংহতি সমিতি উপজেলা শাখার সভাপতি মং মং মারমা, পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য উপাচা মারমা প্রমুখ। তাঁরাও একই মত প্রকাশ করেন।মনোয়ারা বলেন, একাধিক সংবাদপত্রে সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের বরাত দিয়ে চেয়ারম্যান তোফাইলকে রামুর সহিংস ঘটনায় জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। তদন্ত কমিটি ১২২ জনের সাক্ষ্য নিলেও সেখানে তোফাইল নেই। সদর নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মং ক্য চিং চাক বলেন, ‘হামলার ঘটনায় তোফাইল আহমদ বিন্দুমাত্র জড়িত থাকলে আমরা আদিবাসীরা তাঁকে ধরে পুলিশে দিতাম। তাঁর সহযোগিতায় ওই দিন নাইক্ষ্যংছড়ির ৩২টি বৌদ্ধমন্দির রক্ষা পেয়েছে।’ প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ: ১৯ অক্টোবর প্রথম আলোর প্রথম পাতায় ‘রাজনৈতিক কর্মীসহ ২০৫ জন শনাক্ত’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমদ। তিনি বলেন, ওই সংবাদে সরকারি তদন্ত কমিটির বরাত দিয়ে তাঁকে রামুর সহিংস ঘটনার পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ঘটনার সঙ্গে তিনি মোটেও জড়িত নন।