'রায়ের কপি পাওয়ার পর মৃত্যু পরোয়ানা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়ের কপি ট্রাইব্যুনালে পাঠানোর পর মৃত্যু পরোয়ানা জারি হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল রোববার তিনি বলেন, ট্রাইব্যুনাল আপিল বিভাগের রায়ের কপি পাওয়ার পর মৃত্যু পরোয়ানা জারি করবেন। পরে তা কারাগারে পাঠানো হবে। তখন আসামিকে জানানো হবে, তাঁর মৃত্যুদণ্ড বহাল রয়েছে ও মৃত্যু পরোয়ানা এসে গেছে।
কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির গতকাল দুপুরে ব্রিফিংয়ে বলেছেন, আপিলের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর ৩০ দিনের মধ্যে রিভিউ আবেদন করা হবে। রিভিউ আবেদন নিষ্পত্তি হওয়ার পর কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে শিশির মনির ওই ব্রিফিং করেন।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখে ৩ নভেম্বর রায় ঘোষণা করেন আপিল বিভাগ।
কামারুজ্জামানের আইনজীবীদের ব্রিফিংয়ের পর অ্যাটর্নি জেনারেল তাঁর কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ট্রাইব্যুনাল সাজা দিয়েছেন, সেই রায় কি বহাল রইল, না রদবদল হলো, এটা ট্রাইব্যুনাল কীভাবে জানবেন, যখন আপিল আদালত তা ট্রাইব্যুনালে পাঠাবেন। তিনি বলেন, ‘আমি আগাগোড়া বলেছি সংক্ষিপ্ত আদেশে চলবে। এখন আপিল বিভাগ যদি মনে করেন, সংক্ষিপ্ত আদেশ পাঠাবেন না, পূর্ণাঙ্গ আদেশ পাঠাবেন, এটা আপিল বিভাগের বিষয়।’
মাহবুবে আলম বলেন, ‘সংবিধানের ৪৭(ক) অনুযায়ী রিভিউ চলে না। আবদুল কাদের মোল্লার মামলায় করা রিভিউর রায় পেলে এসব দ্বিধাদ্বন্দ্ব ঘুচে যায়। রিভিউ চলবে না, এটা আমার ব্যাখ্যা। আমার ব্যাখ্যা নিয়ে আসামিপক্ষ বসে থাকবে না।’
এর আগে ব্রিফিংয়ে শিশির মনির বলেন, আইনমন্ত্রী গত শনিবার কারাবিধির ৯৯১ ধারা উল্লেখ করে কামারুজ্জামানের যে রায় হয়েছে, তা শোনার সময় থেকে সাত দিন সময়সীমার মধ্যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে মর্মে উল্লেখ করেছেন। এ হিসাব অনুযায়ী ৯ নভেম্বর (রোববার) সাত দিন অতিবাহিত হওয়ার কথা। আইনমন্ত্রী ৯৯১ বিধির একটি ভুল ব্যাখ্যা দিয়েছেন দাবি করে তিনি বলেন, ‘ওই বিধিতে উল্লেখ আছে, যে সময়টা একজন ব্যক্তি ডেথ ওয়ারেন্ট (মৃত্যু পরোয়ানা) হাতে পাবেন, সেই সময় থেকে পুরোনো জেল কোড অনুযায়ী সাত দিন এবং নতুন জেল কোড অনুযায়ী ১৫ দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার উদ্যোগ নিতে পারেন। ...আমরা মনে করি, আইনমন্ত্রী একটি মনগড়া ব্যাখ্যা দিয়েছেন। আহ্বান জানাচ্ছি তিনি আইনের সঠিক ব্যাখ্যা দেবেন, জাতিকে সঠিক দিকনির্দেশনা দেবেন।’
শিশির মনির আরও বলেন, ‘আমাদের সঙ্গে গত বৃহস্পতিবার কামারুজ্জামানের বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর ৩০ দিনের মধ্যে রিভিউ আবেদন করবেন। এই রিভিউ আবেদন নিষ্পত্তি হওয়ার পর তিনি সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি না।’ ব্রিফিংয়ে আসামিপক্ষের আইনজীবী মো. নজরুল ইসলাম, সাইফুর রহমান ও ফরিদ উদ্দিন খান উপস্থিত ছিলেন।
‘কামারুজ্জামানের প্রাণভিক্ষার জন্য সাত দিন সময় কাল (রোববার) শেষ হচ্ছে, এখন কী হবে’—গত শনিবার সকালে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘প্রকাশিত যে রায় আছে, তার ওপরই আমাদের ব্যবস্থা নিতে হবে। কারাবিধির ৯৯১ ধারাটি দেখেন, যখন আসামির মৃত্যুদণ্ড হয়, তখন তাঁকে এটা জানানোর সঙ্গে সঙ্গে সাত দিন সময় দিতে হয়। এটা সাংবিধানিক বাধ্যবাধকতা।’ অবশ্য সন্ধ্যায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, রায়ের অনুলিপি কারাগারে পৌঁছানোর আগে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হবে না।