জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, সাধারণ মানুষ আর রাষ্ট্রের স্বার্থ আলাদা হলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। রাষ্ট্র নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে নাগরিকের অধিকার খর্ব করে।বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে মিজানুর রহমান এ কথা বলেন। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সেমিনারের আয়োজন করে দ্য সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ (এসএআইএলএস)। অনুষ্ঠানে বলা হয়, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক মানবাধিকার কৌশল গড়ে তোলার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন। মিজানুর রহমান বলেন, ‘মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্র ও নাগরিকের স্বার্থ এক হতে হবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা তেমন রাষ্ট্রে বসবাস করছি না।’সেমিনারে সভাপতিত্ব করেন সাউথ এশিয়া ফাউন্ডেশনের (এসএএফ) ভাইস চেয়ারম্যান জামিলুর রেজা চৌধুরী। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক আবদুল্লাহ আল ফারুক।মিজানুর রহমান বলেন, ‘রাষ্ট্রের আচরণ বদলাতে হবে। একমাত্র রাজনীতিবিদেরাই সেই কাজটি করতে পারেন। আর পরিবর্তন আনতে হলে সামাজিক বিপ্লবও দরকার। আমরা যারা সভা-সেমিনার করি, তারা সেই বিপ্লব করব না। কারণ, আমরা সুবিধাভোগী। আমরা তাই মানবাধিকারের জন্য মায়াকান্না দেখাই।’যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে মিজানুর রহমান বলেন, মানবতাবিরোধী কাজের বিচারের জন্য গঠিত আদালত অত্যন্ত স্বচ্ছভাবে কাজ করলেও একটি পক্ষ প্রশ্ন তুলে এই বিচারকাজে বাধা দিতে চায়। সাধারণ আইন আর সাধারণ সাক্ষ্য-প্রমাণ দিয়ে পৃথিবীর কোনো দেশে মানবতাবিরোধী অপরাধের বিচার হয়নি। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক মানবাধিকার কৌশল গড়ে ওঠা কঠিন, এমন মন্তব্য করে মিজানুর রহমান বলেন, ‘আমরা পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে পারি না।’ তিনি বলেন, দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও পরস্পরকে সহযোগিতা করা যায়। সেমিনারে জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান শাহ আলম বলেন, ‘রাজনৈতিক বিভেদ যতই থাক, আমরা দক্ষিণ এশিয়ায় একটি মানবাধিকার সনদ গড়ে তোলার চেষ্টা করতে পারি। সার্ক নিয়ে আমরা হতাশ হলেও কিছু কিছু অর্জন আছে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক শাহনাজ হুদা বলেন, বিচারবহির্ভূত হত্যা অনেক দিন ধরেই চলছে। কেউ কেউ মনে করেন, বিচারবহির্ভূত হত্যকাণ্ডের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব। এটা ভয়ংকর ব্যাপার। গতকাল ১০ ডিসেম্বর ছিল বিশ্ব মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সভা, সেমিনার ও শোভাযাত্রার আয়োজন করে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত সেমিনার মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক মহলের সহায়তা চেয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। মানবাধিকার সংরক্ষণে সম্মিলিত প্রয়াস: তারুণ্যের দাবি, এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় মানবাধিকার কমিশন এই সেমিনারের আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ওই অপরাধের বিচার না হলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না, গণতন্ত্র শক্তিশালী হবে না। সেমিনারে আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘মানবতাবিরোধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে না পারলে আমরা কি মানুষ হতে পারব?’ অনুষ্ঠানে শিশুর অধিকার বিষয়ে মূল প্রবন্ধে আপিল বিভাগের বিচারপতি মো. ইমান আলী বলেন, ‘শিশুর সুরক্ষা বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার।’সেমিনারের শেষ পর্যায়ে মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের মাঠে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জন হলো মানবাধিকার প্রতিষ্ঠার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত। তবে স্বাধীনতার ৪০ বছর পরও নিরক্ষরতা, নিগ্রহ, বৈষম্য দূর হয়নি। নেপালের সাংসদ সীতা দেবী বোদেল অনুষ্ঠানে উপস্থিত দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর উদ্দেশে জানান, তাঁদের দেশে দলিতরা একতাবদ্ধ হয়ে সরকারকে দলিত সম্প্রদায়ের জন্য উদ্যোগ নিতে বাধ্য করেছেন। ভারতের তামিলনাড়ুর মানবাধিকার কর্মী ভি এ রমেশ নাথন জানান, তাঁর দেশের সংবিধানে অস্পৃশ্য বলে কোনো শব্দ নেই। কিন্তু স্বাধীনতার এত বছর পরও দলিতরা নির্যাতিত।অনুষ্ঠানে প্রতিবন্ধী, নারী, নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় কাজ করেছেন এমন ১০ জন ব্যক্তিকে সম্মানিত করেছে মানুষের জন্য ফাউন্ডেশন। তাঁরা হলেন কিশোরগঞ্জের আরিফা বেগম, নেত্রকোনার এ এস এম জাহাঙ্গীর আলম, মরিয়ম আক্তার ও তাজুল ইসলাম, গাইবান্ধার সুলতানা শামীমারা বেগম, রাজশাহীর মো. শামসুল আলম, নড়াইলের রেখা পারভীন, খাগড়াছড়ির সন্তোষিত চাকমা, কুড়িগ্রামের কল্পনা বেগম ও ফরিদপুরের নাসিমা আক্তার। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে নরওয়ের রাষ্ট্রদূত রাগনে বিয়র্তে লুন্ড, ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ডিএফআইডির কান্ট্রি ডিরেক্টর গোয়েন হাইন্স বক্তব্য দেন।অন্যান্য কর্মসূচি: বিশ্ব মানবাধিকার দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের সমাপনী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ৬৭টি নারী ও মানবাধিকার সংগঠনের মোর্চা সামাজিক প্রতিরোধ কমিটি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠী, বুলবুল মহলানবীশ গান পরিবেশন করেন। দিনটি উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ, সুপ্র, ঢাকা ক্যাম্পেইন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এ ছাড়া বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় গণতান্ত্রিক লীগ পৃথক পৃথক কর্মসূচি পালন করে।