বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা
'রাষ্ট্র পরিচালনার সঙ্গে সংলাপও চলবে'
তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা গতকাল সোমবার ব্যস্ত দিন কাটিয়েছেন। সকাল নয়টায় তিনি মন্ত্রিসভার সদস্য ও দলীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের মরদেহ দেখতে তাঁর গুলশানের বাসভবনে যান।
প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে যান এবং ১৫ আগস্টের ঘটনায় শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান এবং তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম দিনের অফিস করেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুলের তোড়া দিয়ে তাঁকে স্বাগত জানান। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে তিনি ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের মেয়াদ হবে পাঁচ বছর। পাঁচ বছরের এক দিনও বেশি থাকার সুযোগ নেই। তবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের সঙ্গে সঙ্গে রাজনৈতিক সংলাপও চলবে।
দ্বিতীয়বারের মতো একই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে গতকাল নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফ আরও বলেন, ‘রাজনীতিতে আলোচনা সব সময় চলে, সব সময় চলবে, আগামীতেও চলবে। আলোচনা বন্ধ হলে সংঘাত সৃষ্টি হয়। তাই সব সময় আলোচনায় বিশ্বাসী। আলোচনা বন্ধ হয়নি, বরং আলোচনা আরও বেগবান হয়েছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন বর্জনের সংস্কৃতি যদি স্থায়ী হয়ে যায়, তাহলে বাংলাদেশের সব রাজনৈতিক দল নিয়ে আর নির্বাচন হবে না। সুতরাং আমরা আশা করব, আমার দলকেও বলব এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে।’ উপজেলা ও ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন আইনানুযায়ী হবে বলেও জানান তিনি। সৈয়দ আশরাফ মন্ত্রীদের মিডিয়া ক্রেজের বিষয়ে ইঙ্গিত করে বলেন, ‘মন্ত্রীর কাজ কিন্তু ওয়াসার কোন কর্মকর্তা তেল চুরি করল, সেটা দেখা না। এটার জন্য আইন আছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন।’
দায়িত্ব গ্রহণ: নতুন মন্ত্রিসভার প্রায় সব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী গতকাল দায়িত্ব গ্রহণ করেন। কয়েকজন সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সরকারের প্রথম চ্যালেঞ্জ হবে যেকোনো পরিস্থিতিতে দেশে শান্তি প্রতিষ্ঠা করা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, জনগণের নিরাপত্তাই হবে সরকারের বড় চ্যালেঞ্জ।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে নতুন প্রজন্মকে আধুনিক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার যে কাজটি চলছে, সেটাকে আরও এগিয়ে নিতে হবে। নতুন আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘যেভাবেই হোক, আইনের শাসন প্রতিষ্ঠা করব।’
বর্তমান সময়কে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর চেয়েও কঠিন সময়ে দায়িত্ব পালন করেছি।’
জাতীয় পার্টির নেতা পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সরকারে থেকেও সরকারের গঠনমূলক সমালোচনা করবেন তাঁরা।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বর্তমানে যে সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটছে, যেভাবে ধর্মীয় সংখ্যালঘু ও প্রগতিশীল রাজনৈতিক কর্মীদের ওপর হামলা চলছে, এরূপ সংকটময় মুহূর্তে অন্ধকার শক্তির বিরুদ্ধে কাজের ব্যাপক সুযোগ আছে। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদও প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এ ছাড়া তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, পানিসম্পদ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ আরও বেশ কয়েকজনকে দায়িত্ব নিতে দেখা গেছে।