বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া উসকানি দিয়ে দেশপ্রেমিক সামরিক বাহিনীর ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছেন। এই অভিযোগে রাষ্ট্রদ্রোহী হিসেবে খালেদা জিয়া একদিন বিচারের মুখোমুখি হবেন বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।গতকাল বৃহস্পতিবার সকালে সামাজিক প্রতিরোধ কমিটির আয়োজনে হরতালবিরোধী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম নগরের দারুল ফজল মার্কেট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষায় মাঠে নেমেছেন। তাঁর নেতৃত্বে হরতালের নামে বোমাবাজি ও অগ্নিসংযোগ হচ্ছে। জাতীয় সম্পদ ধ্বংস হচ্ছে। এখন তিনি উসকানি দিয়ে দেশপ্রেমিক সামরিক বাহিনীর ভাবমূর্তি নষ্টের পাঁয়তারা করছেন। এই অভিযোগে খালেদা জিয়া একদিন রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচারের মুখোমুখি হবেন। আইনজীবীদের প্রতি অনুরোধ জানিয়ে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘জামায়াত-বিএনপির কোনো সন্ত্রাসীর জন্য আপনারা আদালতে উঠবেন না। আগে হরতালে চট্টগ্রামে আদালত চলত। আইনজীবী ভাইয়েরা সিদ্ধান্ত নিয়েছেন হরতালে আদালতে যাবেন না।’ এই সিদ্ধান্ত প্রত্যাহারে আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী, জাসদ নেতা জসিম উদ্দিন, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক আবু হানিফ, চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কামাল উদ্দিন আহাম্মদ, নগর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শফিক আদনান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউদ্দিন প্রমুখ।