'রাষ্ট্রধর্ম বাতিলের ষড়যন্ত্র দেশবাসী বরদাশত করবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেছেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্র দেশবাসী বরদাশত করবে না। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী সদরের ডাকবাংলো চত্বরে ‘সর্বস্তরের ধর্মপ্রিয় তাওহিদী জনতার’ ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
সরকারের উদ্দেশে হেফাজত মহাসচিব বলেন, ‘জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। অন্যথায় মানুষের ক্ষোভের দাবানল জ্বলে উঠলে ষড়যন্ত্রকারীদের কেউই পালানোর পথ খুঁজে পাবে না।’ গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
হাটহাজারী পৌর হেফাজতের সভাপতি মাওলানা মীর ইদরিসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুঈনুদ্দীন রুহি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, আনাস মাদানী প্রমুখ।
সমাবেশ শেষে ডাকবাংলো চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আবার ডাকবাংলো চত্বরে এসে শেষ হয়।