আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু দাবি করেছেন, একটি জাতীয় দৈনিকে ‘মামলার নথি গায়েব’ শিরোনামে যে প্রতিবেদনটি ছাপা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
আজ রোববার এক সংবাদ ব্রিফিংয়ে গোলাম আরিফ টিপু বলেন, কেন্দ্রীয় তথ্যভান্ডার বলে কোনো কিছু রাষ্ট্রপক্ষের নেই। মামলা পরিচালনাকারী কৌঁসুলিরা তাঁদের নিজ নিজ কম্পিউটারে সংশ্লিষ্ট মামলার নথি রাখেন। এ ছাড়া ওই পত্রিকার প্রতিবেদনে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানার নামে যে বক্তব্য ছাপা হয়েছে, তা আদৌ সঠিক নয়। তাঁরা আদৌ এ ধরনের কোনো কথা বলেননি।
দৈনিক যুগান্তরে আজ ‘মামলার নথি গায়েব’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর প্রতিক্রিয়ায় বেলা আড়াইটার দিকে গোলাম আরিফ টিপু পুরাতন হাইকোর্টের নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব দাবি করেন।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী এবং একাত্তরে আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার নথি রাষ্ট্রপক্ষের কেন্দ্রীয় তথ্যভান্ডার থেকে গায়েব হয়ে গেছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, রাষ্ট্রপক্ষ বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। আলোচনা করে এর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।