'রাষ্ট্রীয় প্রশাসনে ঘাপটি মেরে আছে মৌলবাদী গোষ্ঠী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রাষ্ট্রীয় প্রশাসনে ঘাপটি মেরে আছে মৌলবাদী গোষ্ঠী ও তাদের পৃষ্ঠপোষকদের অনুচরেরা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচিতে ঐক্যন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য এ কথা বলেন।

হিন্দু সম্প্রদায়সহ ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা ও দেশব্যাপী মৌলবাদীদের সহিংসতার প্রতিবাদে ‘সাম্প্রদায়িকতাবিরোধী সাংবাদিক মঞ্চ’ এ কর্মসূচির আয়োজন করে। এতে বক্তারা সাম্প্রদায়িক সন্ত্রাস ও সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে অবিলম্বে যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি জানান।

পংকজ ভট্টাচার্য বলেন, ২০০১ সালের নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়সহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর নির্যাতনকারীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হয়নি। শাস্তি দেওয়া হলে ২০১৪ সালে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করার প্রয়োজন হতো না।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, হিন্দু জনগোষ্ঠীর ওপর নিপীড়নের অন্যতম কারণ হচ্ছে তাদের দেশ থেকে বিতাড়িত করে স্থাবর-অস্থাবর সম্পদ ভোগ ও দখল করা। এ অবৈধ ভোগদখলকারীদের তালিকায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের নেতা-কর্মীরা আছেন।’

সাম্প্রদায়িকতাবিরোধী সাংবাদিক মঞ্চের সংগঠক আশীষ কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের সাংসদ মীর শওকত আলী বাদশা, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিরঞ্জন অধিকারী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক শহীদুল্লাহ সিকদার, চিকিত্সক ও শিশু সংগঠক লেনিন চৌধুরী, কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক আবদুুল মতিন ভূঁইয়া প্রমুখ।