'রাষ্ট্রীয় সংস্থাগুলো ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় সংস্থাগুলো মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে সাতটি বেসরকারি সংস্থা। তাদের দাবি, সংস্থাগুলো ফোনে আড়িপাতা থেকে শুরু করে সব ধরনের ইলেকট্রনিক ও যান্ত্রিক মাধ্যম কাজে লাগিয়ে গোপন নজরদারি করছে। রাষ্ট্র আইন করে মানুষের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করার সুযোগ করে দিয়েছে এসব সংস্থাকে।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধিকারবিষয়ক জাতীয় সম্মেলনে এ অভিযোগ ওঠে। আয়োজন করে ভয়েস এবং প্রাইভেসি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম, ক্যাম্পেইন অন সিটিজেন রাইট টু ইনফরমেশন, ইক্যুইটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ, অনলাইন নলেজ সোসাইটি, সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) এবং স্কুল অব কমিউনিকেশনস অ্যান্ড কালচারাল মেটাফিজিকস।
আলোচকেরা বলেন, টেলিকম অ্যাক্ট, ৯৭তে আটটি সংস্থাকে ফোনে আড়িপাতার ক্ষমতা দেওয়া হয়েছে। সংস্থাগুলো খেয়ালখুশিমতো আড়ি পেতে পাওয়া তথ্য প্রচার করছে। জার্মানির সাংবাদিকের সঙ্গে শ্রমিকনেতা মোশরেফা মিশুর কথোপকথন বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু নারায়ণগঞ্জে সাত খুনের আসামি নূর হোসেন নির্বিঘ্নে দেশ ছেড়ে পালাতে পেরেছেন। সে বিষয়টি প্রকাশ করা হয়নি। বিরোধীদলীয় নেতা-কর্মীদের কথোপকথন শোনা যাচ্ছে। তাঁরা বুঝতে পারছেন না একই অস্ত্র পরে তাঁদের বিরুদ্ধেও ব্যবহৃত হতে পারে।
নাগরিক ঐক্যের সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও রাষ্ট্রীয় সুরক্ষা দুই-ই জরুরি। কিন্তু রাষ্ট্র যখন ব্যক্তির অধিকার গিলে খেতে থাকে, তখন অবশ্যই ব্যক্তির পক্ষে দাঁড়াতে হবে’।