‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ ও গুলি বন্ধ করার আহ্বান জামায়াতের
‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ ও পুলিশের গুলিবর্ষণ বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল সোমবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ আহ্বান জানান।বিবৃতিতে গতকাল হরতাল চলাকালে ও আগের দিন রাজধানীসহ সারা দেশে জামায়াত-শিবিরসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলা ও গুলিবর্ষণের অভিযোগ করে এর প্রতিবাদ জানিয়েছে জামায়াত।বিবৃতিতে দাবি করা হয়, হরতাল ঠেকানোর জন্য গত দুই দিনে ১৮ দলীয় জোটের প্রায় ৬০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল হরতাল চলাকালে পুলিশ সারা দেশে গুলি চালিয়ে অর্ধশত নেতা-কর্মীকে আহত ও শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। মিরপুরে মিছিল শেষে বাড়ি ফেরার পথে পুলিশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী মাহবুব কবিরকে ধাওয়া করলে তিনি মাটিতে পড়ে যান। এরপর তাঁর পায়ে বন্দুক ঠেকিয়ে পুলিশ গুলি করেছে। জামায়াতের আরেক কর্মী আবদুল মান্নানের হাত-পা ভেঙে থানায় আটকে রেখেছে।বিবৃতিতে আজ সন্ধ্যা পর্যন্ত হরতাল অব্যাহত রেখে সরকার পতনের চলমান আন্দোলন আরও বেগবান করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।পৃথক বিবৃতিতে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ জামায়াতকে সন্ত্রাসী দল অভিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানান।আরেক বিবৃতিতে সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জোবায়েরকে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানোর অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।