'রাষ্ট্রের ভূমিকায় আমরা যথেষ্ট সন্তুষ্ট হতে পারছি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেছেন, ‘রাষ্ট্রের ওপর আমরা যথেষ্ট আস্থা রাখি। কিন্তু রাষ্ট্রের ভূমিকায় আমরা যথেষ্ট সন্তুষ্ট হতে পারছি না। আমরা এই দেশে ধর্ম, বর্ণ, দলিত, হরিজন, নারী-পুরুষ, শিশুসহ সবার নিরাপত্তার নিশ্চয়তা চাই।’

সম্প্রতি দেশে বিভিন্ন ধর্মাবলম্বী, সম্প্রদায় ও ব্যক্তির ওপরে ধারাবাহিকভাবে যে সন্ত্রাসী হামলা ও হত্যার ঘটনা ঘটছে, তার প্রতিবাদে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।
আয়শা খানম বলেন, এ দেশে মুক্তমনা শিক্ষক, ব্লগারসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। যাঁরা রাজনীতিকে পুঁজি করে সম্পদের মালিক হওয়ার চেষ্টা করেন এবং যারা ক্রমাগত অপরাধ করে যাচ্ছে, তাদের কোনো বিচার হচ্ছে না। একটি অংশ চাইছে এ দেশের অগ্রগতির পথে বাধার সৃষ্টি করতে। তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, সাম্প্রদায়িক বিদ্বেষকে কেন্দ্র করে ক্রমাগত হত্যাকাণ্ড ঘটে চলেছে। অপরাধীর বিচার হচ্ছে না বলেই এ ধরনের ঘটনা ঘটেই চলেছে। বাংলাদেশ শুধু সংখ্যালঘু নয়, সাধারণ নাগরিকদেরও নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ বলেন, ‘বাংলাদেশের নারী সমাজের পক্ষ থেকে প্রশ্ন তুলতে চাই, কেন স্বাধীনতার ৪৫ বছর পর এ দেশে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড চলছে। এ দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী, পুরোহিত, মুক্তমনা শিক্ষক, ব্লগারদের হত্যার ধরন একই। আমরা গর্ব করছি, এ দেশ উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু এই হত্যাকাণ্ডগুলো কী আমাদের উদ্বিগ্ন করে তোলে না?’
মানববন্ধনে আলোচকেরা বলেন, দেশে সাধারণ মানুষের নিরাপত্তা আজ হুমকির সম্মুখীন। প্রতিটি ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিদের শনাক্তকরণ ও আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান তাঁরা। ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে বিষয়টিতেও যাতে সরকার নজর দেয় সে আহ্বানও জানান। বিজ্ঞপ্তি।