'রাস্তা কাটলে বিচার হয় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরামবাগে রাস্তার কাটা অংশে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। গত শনিবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো
আরামবাগে রাস্তার কাটা অংশে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। গত শনিবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো

বৃহস্পতিবার। রাত সাড়ে নয়টা। রাজধানীর আরামবাগের প্রধান সড়ক। সড়কবাতি জ্বলছে না। আধো অন্ধকার। দ্রুত ছুটে চলা একটি গাড়ির কড়া ব্রেক করার শব্দ হঠাৎই কানে ভেসে এল। শব্দের উৎস খুঁজতেই দেখা গেল সড়কের ঠিক মাঝখানে দুটি ব্যক্তিগত গাড়ি থেমে আছে। গাড়ি দুটিকে ঘিরে কৌতূহলী মানুষের জটলা।
কাছে গিয়ে জানা গেল, সামনের গাড়ি কোনো সংকেত না দিয়েই হঠাৎ সড়কে থেমে যায়। পেছনের গাড়িটি সজোরে সেটিকে ধাক্বা দেয়। দুই গাড়ির ভেতরের যাত্রীরা সামান্য আহত হয়েছেন। বড় দুর্ঘটনা ঘটেনি বলে গাড়ি ঘিরে জমায়েত লোকজনও স্বস্তি প্রকাশ করলেন।
কার অসতর্কতার জন্য এ দুর্ঘটনা? এ নিয়ে দুই চালক গাড়ি থেকে নেমে তর্কে জড়ালেন। কিছুক্ষণ এ অবস্থা চলার পর দুজনই দুর্ঘটনার জন্য দুষলেন রাস্তা কাটার বিষয়টিকে। গাড়ির সামনে গিয়ে দেখা গেল পুরো সড়কের এই অংশ সোজাসুজি দুই ভাগে কাটা হয়েছে। কাটা অংশ দেড় হাত চওড়া। গভীরতা এক ফুটের বেশি। রাতের স্পষ্ট দেখা যায় না বলেই এ দুর্ঘটনা।
জটলায় ছিলেন ভ্যানচালক আবদুর রশীদও। তিনি বলেন, ‘আমরা চলতে গিয়ে সামান্য ভুল করলে পুলিশ মারধর করে। অথচ রাস্তা কেটে দিনের পর দিন ফেলে রাখলেও কোনো বিচার হয় না।’
আরামবাগ পেট্রলপাম্প ও টিঅ্যান্ডটি কলেজের পাশে রাস্তার ওই কাটা অংশে গাড়ি চালানো দিনের বেলায়ও বিপজ্জনক বলছেন চালকেরা। কেন এই সড়ক দুই ভাগে ভাগ করা হয়েছে, এ তথ্য আশপাশের দোকানমালিকেরা জানেন না। তাঁদের বক্তব্য, ওয়াসা বা গ্যাসলাইনের জন্য এভাবে রাস্তা কাটা হয় না কখনো।
ওয়াসা, সিটি করপোশেনসহ বিভিন্ন সেবা সংস্থায় খোঁজ নেওয়া হলো। জানা গেল, আরামবাগের রাস্তার এ অবস্থা হয়েছে ঢাকা সিটি করপোরেশনের নির্মল বায়ু ও টেকসই পরিবেশ প্রকল্পের (কেইস) জন্য। এ প্রকল্পের আওতায় ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল বসানোর জন্য ব্যস্ত এ সড়কটি কাটা হয় গত ২০ নভেম্বর। সিগন্যাল বসানোর জন্য সড়ক বিভাজক থেকে বিপরীত দিকে প্রায় ৬০ ফুট মাটির নিচ দিয়ে সংযোগ তার (কেব্ল) বসানো হয়। চারটি সিগন্যাল খুঁটিও বসেছে। এর পর থেকে কাজ এগোচ্ছে না।
গতকাল রোববার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের ওই অংশটি পার হওয়ার সময় প্রতিটি গাড়ি কাটা গর্তে পড়ছে। এতে গাড়িতে থাকা আরোহীরা প্রচণ্ড ঝাঁকুনি খাচ্ছে। রিকশা সড়কের ওই অংশ পার হচ্ছে ঝুঁকি নিয়ে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলছেন, ব্যস্ত এ রাস্তা কেটে রাখায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
প্রধান সড়কের পশ্চিম দিকে অবস্থিত একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক রইসুল ইসলাম জানান, দুর্ঘটনা ছাড়াও গর্তের কারণে রাত বাড়লেই এখানে ছিনতাই হচ্ছে। তিনি জানান, বুধবার রাত ১০টার দিকে একটি গাড়ি গর্তে পড়ে যায়, সেখান থেকে চাকা ওঠার আগেই ছিনতাইকারীরা গাড়ির সামনে দাঁড়িয়ে যায়। পরে অস্ত্রের মুখে আরোহীর কাছ থেকে সব ছিনিয়ে নেয়।
ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর জন্য মহাখালী বাস টার্মিনাল থেকে তেজগাঁওয়ের সাতরাস্তা পর্যন্ত অন্তত তিনটি স্থানে এভাবে রাস্তা কাটা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খান বলেন, উন্নয়নকাজ শেষ করে বা অর্ধসমাপ্ত রেখে ব্যস্ত রাস্তা খোঁড়া অবস্থায় ফেলে রাখা যায় না। তিনি খবর নিয়ে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে জানতে কেইস প্রকল্পের পরিচালক মো. সেহাবউল্লাহর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোন না ধরায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
রাজধানীর সড়কে ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর দায়িত্ব সিটি করপোরেশনের। আর রাস্তার যানজট মোকাবিলার দায়িত্ব পুলিশের ট্রাফিক বিভাগের। দুই সংস্থার মধ্যে সমন্বয় না থাকার অভিযোগও অনেক পুরোনো।
পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার (পূর্ব) মইনুল ইসলাম শনিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘এ রাস্তায় ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর বিষয়টি আমার জানা নেই।’ তিনি বলেন, নিয়ম অনুযায়ী ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর এবং এ কাজে রাস্তা খোঁড়ার আগে ট্রাফিক বিভাগকে জানাতে হয়। এ ক্ষেত্রে তা করা হয়নি। তিনি নিজে গিয়ে বিষয়টি দেখবেন বলে জানান।