'রাস্তা ভালো, অথচ পানি দেখে চালকেরা এড়িয়ে চলেন'

ট্রাফিক বিভাগের একটি সাইনবোর্ড নিয়ে ফেসবুক সরগরম। সাইনবোর্ডে লেখা, ‘পানির নিচে রাস্তা ভালো।’
অনলাইনভিত্তিক রম্য সাময়িকী দ্রিঘাংচু সম্পাদক নূর সিদ্দিকী এই সাইনবোর্ডের ছবি দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘পানি দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার রাস্তা হাসে।’ ছবি এবং ইউটিউবের ভিডিও নিয়ে বিবিসি বাংলা প্রতিবেদনও তৈরি করেছে।
র্যাডিসন হোটেল-সংলগ্ন ফ্লাইওভারের গোড়ায় সাইনবোর্ডটি ট্রাফিক উত্তর বিভাগের। ওই বিভাগের ডিসি প্রবীর কুমার রায় প্রথম আলোকে বলেন, গাড়ির চালকদের দৃষ্টি আকর্ষণের জন্যই এই সাইনবোর্ড দেওয়া হয়েছে। ফ্লাইওভারের কোনার ঢালু ওই জায়গাটুকুতে একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। রাস্তা ভালো, অথচ পানি দেখে চালকেরা ভয়ে ওই জায়গা এড়িয়ে চলেন। তাঁরা ভাবেন, পানির নিচে বড় গর্ত থাকতে পারে। ফলে জায়গাটুকুতে জট লেগে যায়।
প্রবীর কুমার রায় বলেন, ‘মানুষের উপকার করার জন্যই সাইনবোর্ডটি লাগিয়েছি। কিছুটা ফলাফলও পেয়েছি। এখন অনেক চালক সাইনবোর্ড দেখে গর্ত নেই জেনে নিশ্চিন্তে এ জায়গা পার হন।’