'রাস্তার ওপর দাঁড়িয়ে ফুল নেব না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কে দুর্ঘটনার প্রধান কারণ তিন চাকার যান। মহাসড়কগুলোতে ওই যান চলাচল বন্ধ করার পর সড়ক দুর্ঘটনা কমেছে। যানজট ও দুর্ঘটনা রোধে আসন্ন ঈদে মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসাতে দেওয়া হবে না।
আজ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ চারটি স্থানে সড়ক প্রশস্তকরণ ও সড়ক বিভাজকের নির্মাণকাজ পরিদর্শন করেন ওবায়দুল কাদের। তখন সাংবাদিকদের তিনি ওই কথা বলেন। মন্ত্রী বলেন, আসন্ন ঈদের আগে যানজট ও দুর্ঘটনা রোধে দেশের কোথাও মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসাতে দেওয়া হবে না। একই সঙ্গে ফিটনেসবিহীন গাড়িও চলাচল করতে দেওয়া হবে না।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের চারটি স্থান দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। দুর্ঘটনা রোধে সেখানে সড়ক প্রশস্তকরণ ও সড়ক বিভাজকের নির্মাণকাজ শুরু হয়েছে। সেতু কর্তৃপক্ষের অর্থায়নে প্রায় আট কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
সিরাজগঞ্জে মহাসড়কের কাজ পরিদর্শনের পর ওবায়দুল কাদের নাটোর যান। দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া গোলচত্বরে সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মহাসড়কে তিন চাকার ও অযান্ত্রিক যান চলাচল বন্ধ করা নিয়ে মতবিনিময় করেন তিনি। সভাস্থলে আওয়ামী লীগ ও সহযোগী স্থানীয় নেতা-কর্মীরা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন। পরে ওবায়দুল কাদের বলেন, ‘পাওয়ারটা বেশি দিন মানুষের হাতে থাকে না। আজ মন্ত্রী আছি। কাল না-ও থাকতে পারি। যতক্ষণ আছি, পাওয়ারটা কাজে লাগাতে চাই জনস্বার্থে। আমি রাস্তার ওপর দাঁড়িয়ে ফুল নেব না। কারণ রাস্তায় দুর্ঘটনা হচ্ছে, যানজট হচ্ছে। দুর্ঘটনা, যানজট সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে না পারলে আমার পক্ষে ফুল নেওয়া সম্ভব নয়।’
সভায় নাটোর-৪ (বাগাতীপাড়া-গুরুদাসপুর) আসনের সাংসদ আবদুল কুদ্দুস, নাটোরের জেলা প্রশাসক মশিউর রহমান, পুলিশ সুপার (এসপি) শ্যামল কুমার মুখার্জি, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন, সহকারী পুলিশ সুপার (এএসপি) শফিকুল ইসলামসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।