‘রাস্তার কোনো কোয়ালিটি আছেনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় মৌলভীবাজার-শমশেরনগর সড়ক যাত্রী ও যানবাহনচালকদের কাছে কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের ভাঙাচোরা অংশে ২০ মিনিটের রাস্তা পার হতে দেড়-দুই গুণ বেশি সময় লাগছে। সড়কের মৌলভীবাজার-চৈত্রঘাট অংশের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। মৌলভীবাজার সরকারি কলেজের হিসাববিজ্ঞান সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র রাশেদুল ইসলাম গতকাল রোববার দুপুরে মৌলভীবাজার-শমশেরনগর সড়কের মৌলভীবাজার পৌর এলাকার অটোরিকশা স্ট্যান্ডে বলেন, ‘এই রাস্তা দিয়ে আসা-যাওয়া করতে খুবই কষ্ট হয় আমাদের। সপ্তাহে প্রায় ছয় দিন কলেজ ও প্রাইভেট পড়ার জন্য কমলগঞ্জ থেকে মৌলভীবাজার শহরে আসি। এখন বাড়ি থেকে সময়ের আগে বের হতে হয়। যেখানে ২০ মিনিট সময় লাগার কথা, সেখানে ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগছে।’ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, রাস্তার কার্পেটিং ও সিলকোট করার জন্য ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে পিএমপির (পিরিয়ডিক ম্যানটেনেন্স প্রজেক্ট) মাধ্যমে রাস্তার কাজের একটি দরপত্র হয়েছিল। এই প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার মৌলভীবাজার-শমশেরনগর সড়কে ১১ কিলোমিটারে কাজ হওয়ার কথা। কিন্তু এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি। সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী উ ৎ পল সামন্ত গতকাল বলেন, ‘বৃষ্টির কারণে এখন কাজ করা যাচ্ছে না। এখন কাজ করলে সেটা টেকসই হবে না। বৃষ্টি বন্ধ হচ্ছে না। বন্ধ হলে কাজ শুরু করা হবে। তবে ঈদের আগে চেষ্টা করব গর্তগুলো ভরাট করে দেওয়ার। এ মুহূর্তে এ ছাড়া আর কিছু করার নেই।’