‘রাস্তায় না নামলে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন সফল হবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আগামী নির্বাচন যদি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে না হয়, তাহলে আওয়ামী লীগ নিজেদের সরকারের অধীনে নির্বাচন করে আবার ক্ষমতায় চলে আসবে। তাই এখনই রাস্তায় নামতে হবে। তা না হলে যাঁরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন সফল হবে না।’৯ ডিসেম্বর দেশব্যাপী সড়কপথ অবরোধ কর্মসূচি সফল করতে ডাকা চট্টগ্রামের বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, সাংসদ মোস্তফা কামাল পাশা ও জাফরুল ইসলাম চৌধুরী এবং উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী।সভায় খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সরকারের সর্বগ্রাসী দুর্নীতি, বাকশালি আচরণ, প্রশাসনে দলীয়করণ, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে এই অবরোধ কর্মসূচি।’৯ ডিসেম্বর নেতা-কর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘কোথায় কীভাবে অবস্থান নেবেন, সেটা স্থানীয় নেতারা ঠিক করবেন। গোয়েন্দা সংস্থা স্থান (স্পট) সম্পর্কে জেনে যেতে পারে, তাই বিকল্প একাধিক স্থান ঠিক রাখবেন।’ বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘যদি এখনই রাজপথ দখল করতে না পারি, তাহলে যাঁরা মন্ত্রী-সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন তা পূরণ হবে না। আন্দোলনের আগে ঘর সাজিয়ে নিতে হবে। নিজের ঘরে যদি শত্রু লালন করি, তাহলে আন্দোলন কীভাবে সফল হবে।’ তিনি বলেন, ‘আত্মঘাতী কার্যকলাপের জন্যই আমরা এগোতে পারছি না। দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু এ জন্য দলকে ধ্বংস করব, এটা হবে না। যদি ঐক্য থাকে তবেই সফল হব।’ফেনীর বিএনপির নেতা জয়নাল আবেদীন বলেন, ‘সভায় রণকৌশল জানালে অসুবিধা আছে। শত্রু আমাদের ভেতরেই আছে।’