বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত–সংক্রান্ত আইন
'রায় অপেক্ষমাণ থাকলেও এ অনুমোদনে সমস্যা নেই'
হাইকোর্টে রায় অপেক্ষমাণ থাকার পরও সুপ্রিম কোর্টের বিচারকদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত-সংক্রান্ত আইন মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনে কোনো সমস্যা আছে বলে মনে করে না আইন কমিশন।
সুপ্রিম কোর্টের বিচারকদের বিরুদ্ধে অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগ তদন্ত-সংক্রান্ত খসড়া আইনের বিভিন্ন দিক নিয়ে গতকাল মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক। আইন কমিশনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইন কমিশনের সদস্য এম শাহ আলম।
সংবিধানের ৯৬ অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে নেওয়া হয়েছে। ওই অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে করা মামলার রায় হবে আগামী ৫ মে। এর মধ্যে বিচারকদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আইন মন্ত্রিসভায় অনুমোদন করায় তা বিচারকদের ওপর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বলেন, এডমান্ড বার্কের ভাষায় বিচারকদের মন পাথরের মতো। একজন বিচারকের জন্য এসব বিষয়ে কিছু আসে যায় না। তিনি বলেন, এটা মাত্র নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এখনো আইন হয়ে যায়নি।
রায় অপেক্ষমাণ থাকায় খসড়া আইনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা মতামত দেননি—এ বিষয়টি উল্লেখ করা হলে খায়রুল হক বলেন, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। ‘আইনপ্রণেতাদের অন্যতম দুর্বলতা হলো আইন বিষয়ে অজ্ঞতা’—প্রধান বিচারপতির সাম্প্রতিক এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে খায়রুল হক কোনো মন্তব্য করেননি।
সুপ্রিম কোর্টের একজন বিচারকের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা তদন্তের প্রক্রিয়া কেমন হবে, তা সংবাদ সম্মেলনে তুলে ধরেন বিচারপতি খায়রুল হক। তিনি বলেন, প্রথমে স্পিকার ১০ জন সাংসদকে দিয়ে একটি কমিটি গঠন করে দেখবেন অভিযোগটি তদন্তের যোগ্য কি না। যদি তদন্তের যোগ্য হয়, তবে তিন সদস্যের একটি কমিটি অভিযোগটি তদন্ত করবে। এই কমিটিতে সাবেক একজন প্রধান বিচারপতিকে রাখা হয়েছে নিরপেক্ষতার জন্য। অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের চেয়ারম্যান থাকেন, তিনি বিচারকদের সম্পর্কে বুঝবেন। আর জনগণই সব। তাই একজন বিশিষ্ট ব্যক্তিকে তদন্ত কমিটিতে রাখার কথা বলা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ।