‘এ রায় যখন কার্যকর হবে, তখন আমার বাবা-মার আত্মা শান্তি পাবে।’ মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির আদেশের পর এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুক্তিযুদ্ধে শহীদ গোলাম মোস্তফা তালুকদারের ছোট ভাই মোশাররফ হোসেন তালুকদার। তিনি এ মামলায় রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী।বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় ঘোষণার পর শেরপুর জেলা শহরের গৃদা নারায়ণপুর এলাকার বাসিন্দা মোশাররফ হোসেন আবেগাপ্লুত হয়ে বলেন, ‘একাত্তরে কামারুজ্জামানের নেতৃত্বে আলবদর সদস্যরা আমার বড় ভাই গোলাম মোস্তফাকে হত্যা করেছে। ন্যায়বিচার পেয়েছি।’রাষ্ট্রপক্ষের আরেক সাক্ষী মো. জহুরুল হক মুন্সি বীর প্রতীক বলেন, ‘কামারুজ্জামান ও তার সহযোগীরা আমাকেসহ অনেককে নির্যাতন করেছে। কামারুজ্জামানের সর্বোচ্চ সাজা হওয়ায় আমি খুশি।’শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ আতিউর রহমান বলেন, এ রায়ে বাঙালি জাতির পাপ মোচন হয়েছে। এদিকে রায়ের পর বৃহস্পতিবার শেরপুর জেলা শহরে আওয়ামী লীগ, জাসদ, জাগ্রত তরুণ প্রজন্মসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।