নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আসামিদের শাস্তি বহাল থাকবে বলে প্রত্যাশা করছেন নিহত ব্যক্তিদের স্বজনেরা।
আজ রোববার নারায়ণগঞ্জের সাত খুন মামলায় ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের রায় দেবেন উচ্চ আদালত।
মামলার বাদী নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বলেন, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি করতে কেউ সাহস পাবে না। গতকাল শনিবার সকালে তিনি আরও বলেন, ‘নিম্ন¤আদালতে দেওয়া রায় উচ্চ আদালতে বহাল থাকবে, এই প্রত্যাশা করছি। সারা বিশ্ব এই রায়ের দিকে তাকিয়ে আছে।’
নিহত জাহাঙ্গীর আলমের স্ত্রী সামসুন নাহার বলেন, ‘আমার স্বামীর তো কোনো দোষ ছিল না। তাঁকেসহ সাতজন মানুষকে অপহরণের পর নৃশংসভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হলো। আমাদের সাতটি পরিবার তছনছ হয়ে গেল। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আমি মানবেতর জীবনযাপন করছি। আমার মেয়ে ওর বাবাকে দেখতে পারল না। মেয়েটা বাবার ছবি ধরে শুধু কাঁদে।’ নূর হোসেন ও র্যাবের সাবেক কর্মকর্তাসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ফাঁসি বহাল থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নিহত মনিরুজ্জামান স্বপনের ছোট ভাই রিপন মিয়া বলেন, ‘প্রিয়জন হারানোর ব্যথা আমাদের চেয়ে কেউ ভালো বলতে পারবে না। আমরা সাত খুনের আসামি নূর হোসেন, তারেক সাঈদসহ অন্যদের ফাঁসি বহাল থাকবে বলে আশা করছি।’
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, নিম্ন আদালতের দেওয়া রায় উচ্চ আদালতে বহাল থাকবে বলে তিনি আশা করছেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় করা মামলার রায়ে ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত।