'রায়কে কেন্দ্র করে মন্ত্রীরা আবোলতাবোল বক্তব্য রাখছেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আজ রোববার দুপুরে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। ছবি: প্রথম আলো
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আজ রোববার দুপুরে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। ছবি: প্রথম আলো

ষোড়শ সংশোধনীর রায়কে কেন্দ্র করে মন্ত্রীরা আবোলতাবোল বক্তব্য রাখছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরী।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আজ রোববার দুপুরে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনের শুরুতে বক্তব্য দেন সুব্রত চৌধুরী। তিনি বলেন, ‘রায়কে কেন্দ্র করে মন্ত্রীরা আবোলতাবোল বক্তব্য দিচ্ছেন। কীভাবে তাঁরা বলেন যে রাজনৈতিক বিবেচনায় বিচারক বা প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে? তার মানে কী? তাঁরা নিজেরাই স্বীকার করছেন যে আমরা পুরো বিচার বিভাগকে, উচ্চ আদালতকে রাজনীতিকরণ করে ফেলেছি। হঠাৎ করেই তাঁদের ভেতরে যে কথাটি ছিল, সেটি বের হয়ে গেছে। ভবিষ্যতে যে প্রধান বিচারপতি নিয়োগ করা হবে, সেটিও রাজনৈতিক বিবেচনায় হবে।’

রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হলে দেশে বিচার বিভাগের সংকট আরও বাড়বে বলে মন্তব্য করেন সুব্রত চৌধুরী। তিনি বলেন, ‘বিচার বিভাগ সংকটে পড়লে কোনো রাজনৈতিক দলও এখানে ভালোভাবে থাকতে পারবে না এবং গণতন্ত্র হুমকির সম্মুখীন হবে।’

রায়ের বিষয়ে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি খায়রুল হকের অবস্থানের সমালোচনা করে সুব্রত চৌধুরী বলেন, ‘একটি রায় নিয়ে তিনি যেভাবে কথা বলা শুরু করেছেন, তাতে মনে হচ্ছে তিনি আদৌ প্রধান বিচারপতি হওয়ার যোগ্য ছিলেন কি না।’

সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুল বারী লিখিত বক্তব্যে বলেন, ষোড়শ সংশোধনীর রায়ের কয়েক দিন পরই একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক ও সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী রায়ের বিষয়ে আলাপ করার জন্য প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ও আলাপ করেছেন এবং প্রকাশ্যে গণমাধ্যমে তা প্রচার করেছেন।

কোনো মামলার বিষয়ে সংশ্লিষ্ট বা সংক্ষুব্ধ পক্ষের মাননীয় বিচারপতির সঙ্গে আলোচনা একটি নজিরবিহীন ঘটনা মন্তব্য করে জাহিদুল বারী বলেন, এতে একদিকে বিচার বিভাগের মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে, অন্যদিকে বিচার বিভাগের ওপর সরকারি দল এবং সরকার চাপ প্রয়োগ করছে—জনমনে এমন ধারণার সৃষ্টি হচ্ছে।

বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আরও বলেন, ‘একজন সাবেক প্রধান বিচারপতি, যিনি সরকারের লাভজনক পদে অধিষ্ঠিত থেকে সংবাদ সম্মেলন করে এ রায়ের বিরুদ্ধে শুধু বক্তব্য দিয়েই ক্ষান্ত হননি। তিনি সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের বিরুদ্ধে অশোভন, অমর্যাদাপূর্ণ ও সংবিধানবিরোধী মন্তব্য করেছেন। সরকারের একটি লাভজনক পদে থেকে তাঁর এ ধরনের বক্তব্য সম্পূর্ণ বেআইনি, শৃঙ্খলাজনিত অপরাধ ও নজিরবিহীন।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি এস এম এ সবুর, শফিকুর রহমান, আসাদুল্লাহ তারেক, এ কে এম জগলুল হায়দার প্রমুখ।