'রায়ে মানুষের ইচ্ছা পূর্ণ হয়েছে'
‘ছোট্ট শিশু রাজন নির্মম পিটুনিতে আধমরা হয়ে পানির জন্য ছটফট করছিল। একটু পানির জন্য নির্যাতনকারীদের কাছে কাকুতি-মিনতি জানিয়েছিল। কিন্তু নরপিশাচরা ছিল এজিদের বংশধর। থুতু ছিটিয়ে তা চেটে খেয়ে পানির তৃষ্ণা মেটাতে বলেছিল। ভিডিওটি দেখে হু হু করে কেঁদেছিলাম। তখন মনে-প্রাণে এসব নরপিশাচের কঠিন শাস্তি চেয়েছি। আমার সেই ইচ্ছা পূরণ হলো। এখন একটাই অপেক্ষা, কবে এ রায় কার্যকর হয়।’
শিশু শেখ সামিউল আলম রাজন হত্যার দায়ে প্রধান আসামিসহ চারজনের ফাঁসির আদেশ হওয়ার পর এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন আমান উল্লাহ। সিলেট নগরের আম্বরখানার এই বাসিন্দা বলেন, ‘ভিডিওতে রাজনকে মারার নির্মমতা দেখার পর টানা কয়েক দিন খাওয়া-ঘুম বন্ধ ছিল। পাষণ্ডদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। এখন অনেকটাই স্বস্তিবোধ করছি।’
এই স্বস্তি, এই সন্তুষ্টি, মামলার দ্রুত রায় কার্যকর দাবি—আমান উল্লাহর মতো সবার। আলোচিত মামলাটির রায় শোনার জন্য গতকাল আদালতপাড়ায় উৎসুক মানুষের ভিড় জমে। সেখানেই কথা হয় আরও অনেকের সঙ্গে।
নগরের সেনপাড়ার সোবহান মিয়া বলেন, ‘রাজন আমার রক্তের কেউ না। কিন্তু ভিডিওটি দেখার পর থেকেই সেটি আমাকে প্রতিনিয়ত তাড়া দিতে থাকে। পত্রপত্রিকায় মামলাটির খুঁটিনাটি পড়তাম। আজ রায়ের আগে তাই আদালতে চলে এলাম। রায়ে সাধারণ মানুষের ইচ্ছা পূর্ণ হয়েছে।’
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক দেবব্রত চৌধুরী বলেন, ‘রায় শোনার পর মনে হলো, নিজের কোনো আত্মীয়ের বিচার বোধ হয় পেলাম। রাজন মারা যাওয়ার পর থেকে বুকের ভেতর যে একটা চাপা কষ্ট ছিল, সেটি অনেকটাই দূর হয়ে গেছে।’
দ্রুততম সময়ের মধ্যে মামলাটির রায় ঘোষণা করায় অনেকের মধ্যে নতুন করে আশার আলো সঞ্চারিত হয়েছে। আদালতপাড়ায় নান্দিক নাট্যদলের সদস্য সুপ্রিয় দেব যেমনটা বললেন, ‘রাজন হত্যাকাণ্ডে দেশ-বিদেশের সবাই মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছিলেন। হত্যাকারীরা সর্বোচ্চ শাস্তি পাওয়ায় প্রত্যেকেই শান্তিবোধ করছেন।’
নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক সমরবিজয় সী শেখর বলেন, ‘রাজন হত্যার পর মানুষের অভাবনীয় জাগরণটি ছিল ইতিবাচক।’