‘রিকশাত না, পেটে আগুন দিল তারা’
সিলেট নগরের কেন্দ্রস্থলে দুটি মোড় জিন্দাবাজার ও বারুতখানা। গতকাল মঙ্গলবার হরতাল চলাকালে এ দুই মোড় দিয়ে চলাচল করছিল কয়েকটি রিকশা। হরতাল-সমর্থকেরা হঠাৎ চড়াও হয় রিকশাচালকদের ওপর। জিন্দাবাজারের সিটি সেন্টারের সামনে একটি খালি রিকশা যাওয়ার সময় ছুড়ে দেওয়া হয় আগুন।চলন্ত অবস্থায় আগুনে পুড়ছিল রিকশাটি। জোরে ছুটলে আগুন নিভে যাবে এই আশায় দ্রুত রিকশা চালাচ্ছিলেন চালক। এতে আরও দাউ দাউ করে জ্বলছিল আগুন। শেষে জিন্দাবাজারের কাস্টম কার্যালয়ের পুকুরে রিকশা নামিয়ে আগুন নেভাতে সক্ষম হন চালক।রিকশাচালক আজিজ মিয়া আক্ষেপ করে বলেন, ‘আমার রিকশাত না, পেটে আগুন দিল তারা।’ এ কথা বলে পোড়া রিকশা নিয়ে বাড়ি ফিরে যান। তার আগে আজিজ জানান, হরতালে রিকশা বের করতে হলে মালিকের কাছ থেকে সব দায়দায়িত্ব নিয়ে বের হতে হয়। ভাড়া করা এ রিকশার ক্ষয়ক্ষতি এখন তাঁকেই বহন করতে হবে।শুধু একটি রিকশা নয়, জিন্দাবাজারের পাশের বারুতখানা ও তাঁতীপাড়া এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে একই কায়দায় আরও দুটি রিকশায় আগুন দিয়েছে হরতাল-সমর্থকেরা। তিনটি রিকশা আগুনে পোড়ার ঘটনা জানাজানি হলে ওই এলাকায় হরতালের সময় আর রিকশা চলাচল করতে দেখা যায়নি।হরতালের আগে গত সোমবার রাতে নগরে একইভাবে যাত্রীবাহী ছোট-বড় যানবাহনে আগুন দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে। এর মধ্যে নগরের শাহি ঈদগাহ এলাকায় ১০ থেকে ১৫ মিনিটের ব্যবধানে যাত্রীবাহী অটোরিকশা, ইজিবাইক, প্রাইভেট কার ও মাইক্রোবাসে ভাঙচুর করে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আটটি ট্রাকও।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে ছয়টি মোটরসাইকেলে ১০-১৫ হরতাল-সমর্থক যুবক শাহি ঈদগাহে এসে যানবাহনে আগুন দিয়ে ভাঙচুর চালায়। এ সময় পর পর কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। বালু-পাথরবোঝাই একটি ট্রাক ও সিটি করপোরেশনের আবর্জনাবাহী ভ্যানে আগুন দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।রাত নয়টা পর্যন্ত নগরের জিন্দাবাজার, শিবগঞ্জ, মিরাবাজার, আম্বরখানা, সোবহানীঘাট, যতরপুর এলাকায় হরতাল-সমর্থকেরা হাতবোমার বিস্ফোরণ ঘটায়। তাদের এই আতঙ্ক ছড়ানোর কারণে সোমবার সন্ধ্যার পর থেকে নগর ফাঁকা হয়ে যায়। বন্ধ হয়ে যায় দোকানপাট। রাস্তায় যান চলাচলও কমে আসে।সিলেট মহানগর পুলিশ সূত্র জানায়, ১৮ দলীয় জোটের ব্যানারে হরতাল সামনে রেখে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির তৎপরতা রোধে সোমবার রাত থেকেই নগরে আর্মড পারসোনাল ক্যারিয়ার (এপিসি) নিয়ে পুলিশ টহলে নামে।মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (সদর) রেজাউল করিম জানান, পুলিশের কাছে অত্যাধুনিক যন্ত্রপাতি না থাকায় বিভিন্ন সময় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টিকারীদের প্রতিরোধে হিমশিম খেতে হয়। বড় ধরনের নাশকতা এড়াতে এখন থেকে এপিসি নিয়ে টহলে থাকবে পুলিশ। রাতে যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমার বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে শাহি ঈদগাহসহ কয়েকটি বিশেষ এলাকায় পুলিশের একাধিক দল তৎপর রয়েছে বলে জানান তিনি।