‘রুটি পড়া’ খেয়ে তিনজন অসুস্থ
কথিত রুটি পড়া খেয়ে গুরুতর অসুস্থ হয়ে তিন ব্যক্তি গত শুক্রবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁরা হলেন: মজিদ নকতি (৬০), সিরাজুল হাওলাদার (৬৫) ও আবদুল কাদের (৫০)। তাঁদের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের নিলামপুরদি গ্রামে। মজিদ নকতির ছেলে লিয়াকত হোসেন জানান, এক বছর আগে একই গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ঘর থেকে সোনার হার ও দুল চুরি হয়। এ ঘটনায় জাহাঙ্গীর তাঁর চাচাতো ভাই বাকী হাওলাদার ও তাঁর স্ত্রী খালেদা বেগমকে সন্দেহ করেন। গত শুক্রবার সকালে জাহাঙ্গীরের স্ত্রী নয়নতারা বেগম পীরের পড়া আটা দিয়ে কয়েকটি রুটি বানিয়ে আনেন। এর মধ্যে দুটি রুটি কালচে এবং বাকিগুলো সাদা রঙের। কালো রুটি দুটি সন্দেহভাজন বাকী ও খালেদাকে খেতে বললে তাঁরা অস্বীকৃতি জানান। এরপর এলাকার মাতব্বর মজিদ নকতি, সিরাজুল হাওলাদার ও পল্লি চিকিৎসক আবদুল কাদের রুটি দুটি খাওয়ার পর মুহূর্তেই অজ্ঞান হয়ে পড়েন। তাঁদের দ্রুত রাজৈর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই দিনই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) মো. শফিকউল্লাহ জানান, বিষক্রিয়ায় ওই তিন ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে বর্তমানে তাঁরা শঙ্কামুক্ত।